অনন্তে তাকিয়ে থর্পকে খুঁজছিলেন রুট
৩৯তম টেস্ট সেঞ্চুরির পর জো রুটের ওই উদযাপন দলের পক্ষ থেকে গ্রাহাম থর্পের প্রতি নৈবেদ্য।
সেঞ্চুরি ছোঁয়ার পর ব্যাট তুলে হেলমেট খুলে উঁচিয়ে ধরার চিরায়ত উদযাপন তো ছিলই। এরপরই জো রুট বের করে আনলেন শরীরের পেছন দিকে গুঁজে রাখা একটি হেডব্যান্ড। সেই ব্যান্ড মাথায় পরে আঙুল উঁচিয়ে ধরলেন ওপরের দিকে, তাকালেন শূন্যে।
আকাশে তাকিয়ে কাকে খুঁজছিলেন রুট, সেটি বুঝে নিতে সমস্যা হয়নি কারও। তার কোচ, তার মেন্টর, তার বন্ধু গ্রাহাম থর্প যে হারিয়ে গেছেন ওই অনন্তে! রুটের অমন উদযাপন দলের পক্ষ থেকে গুরুর প্রতি নৈবেদ্য।
গত অগাস্টে পরাপারে পাড়ি জমানো থর্পের জন্য এবারের ইংল্যান্ড-ভারতের ওভাল টেস্টে ছিল বিশেষ আয়োজন। বেঁচে থাকলে এই টেস্টের দ্বিতীয় দিনটিতে ৫৬ বছর পূর্ণ হতো তার। সাবেক ইংলিশ ব্যাটসম্যানের স্মরণে সেই দিনটিকে ‘ডে ফর থর্পি’ ঘোষণা করা হয় আগেই। এটিই ছিল তার ঘরের মাঠ। ক্যারিয়ারজুড়ে খেলেছেন সারে কাউন্টি ক্লাবের হয়েই। তাকে শ্রদ্ধা জানাতে এবার ছিল নানা আয়োজন।
রুট এমনিতে হেডব্যান্ড পরেন না। থর্পের আবার এটা ছিল নিত্যসঙ্গী। হেডব্যান্ড পরে সবসময় ব্যাটিং করতেন। তার একটি পরিচায়ক হয়ে উঠেছিল এটি। রুট তাই হেডব্যান্ড দিয়েই সম্মান জানালেন পূর্বসূরীকে।
নব্বই দশকের মাঝামাঝি থেকে এই শতাব্দির শুরুর সময়টা পর্যন্ত ইংল্যান্ডের মিডল অর্ডারের একটি স্তম্ভ ছিলেন থর্প। ১০০ টেস্ট খেলেছেন, অ্যাশেজে দুর্দান্ত পারফর্ম করেছেন। তবে রুট ও এই ইংল্যান্ড দলের অনেকের সঙ্গে তার সংযোগটা ভিন্নভাবে। ব্যাটিং কোচ হিসেবে অনেক ব্যাটসম্যানকেই পোক্ত করে দিয়েছেন থর্প।
রুট নিজেই যেমন জাতীয় দলে অভিষেকের আগে কাজ করেছেন থর্পের সঙ্গে। পরে থর্প যখন জাতীয় দলের ব্যাটিং কোচ হলেন, তখন দুজন একসঙ্গে কাজ করেছেন নিবিড়ভাবে। রুটের এই যে রানপ্রসবা সময়, তার রেকর্ড-অর্জনের অনেক কিছুর পেছনেই তিনি বড় কৃতিত্ব দেন থর্পকে।
রুটের ৩৯তম টেস্ট সেঞ্চুরির উদযাপনটাও হলো তাই বিশেষ কিছু। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সেটিই ফুটে উঠল ইংল্যান্ডের ইতিহাসের সফলতম ব্যাটসম্যানের কণ্ঠে।
“ইংলিশ ক্রিকেটের জন্য একজন ক্রিকেটার হিসেবে, কোচ হিসেবে, মেন্টর-বন্ধু হিসেবে, ড্রেসিং রুমের জন্য ও ইংলিশ ক্রিকেটের জন্য তিনি (থর্প) যা করেছেন, এটা অসাধারণ যে ক্লাব হিসেবে সারে এবং ইসিবি সেটির স্বীকৃতি দিয়েছে। ওই উদযাপন ছিল সত্যি বলতে দলের পক্ষ থেকে তার জন্য, ইংলিশ ক্রিকেটের জন্য তিনি যা দিয়েছেন ও ত্যাগ স্বীকার করেছেন।”
গত বছরের ৪ অগাস্ট তিনি মারা যান ট্রেনে কাটা পড়ে। পরে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন মানসিক অবসাদ ও অসুস্থতার সঙ্গে লড়াই করে আত্মহত্যা করেছেন তিনি।
ওভালে এবার থর্পের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি টেস্টজুড়েই চলছে মানসিক অবসাদ নিয়ে সচেতনতা ছড়ানো ও গোপন না করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করা। মানসিক স্বাস্থ্য বিষয়ক চ্যারিটি সংস্থা ‘মাইন্ড’-এর জন্য তহবিল সংগ্রহের উদ্যোগও থাকছে এখানে। বিশেষ একটি হেডব্যান্ড বিক্রি করা হচ্ছে, যেটির নকশা করা হয়েছে থর্পের স্ত্রী অ্যামান্ডা ও দুই মেয়ে কিটি ও অ্যামার সঙ্গে সমন্বয় করে। এই হেডব্যান্ড বিক্রির অর্থ পাবে ‘মাইন্ড।’
এই আয়োজন থেকে এখনও পর্যন্ত দেড় লাখ পাউন্ডের বেশি আয় হয়েছে চার দিনে। থর্প ও তার পরিবারের প্রতি মানুষের এমন ভালোবাসায় আপ্লুত রুট।
“তিনি ও তার পরিবার সবার কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছে, তা দেখতে পারাটাও দারুণ। তিনি এমন একজন, আমার ক্যারিয়ারে যার প্রভাব বিশাল। এই সপ্তাহে তাকে ও তার পরিবারকে যতটা ভালোবাসায় স্নাত করেছেন সবাই এবং যে পরিমাণ অর্থ উঠেছে, তা অসাধারণ।”
“খেলাধুলা এরকমই স্পেশাল কিছু দিতে পারে। সবকিছুর ওপরে এটা ছিল তাকে ‘ধন্যবাদ’ বলা, মাঠের ভেতরে ও বাইরে ক্রিকেট খেলাটিকে ও ইংলিশ ক্রিকেটকে তিনি যা দিয়েছেন।”
