Published : 25 Sep 2025, 09:08 PM
প্রায় এক বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলার দুয়ারে ভারত। স্বাভাবিকভাবে উঠে আসছে দেশের মাটিতে তাদের সবশেষ টেস্ট সিরিজের প্রসঙ্গ। সেই সিরিজে নিউ জিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশড হওয়ার পুনরাবৃত্তি আর চান না ভারতের প্রধান নির্বাচক আজিত আগারকার। সেখান থেকে শিক্ষা নিয়ে দলকে সামনে এগিয়ে যাওয়ার তাগিদ দিলেন দেশটির সাবেক এই পেসার।
ঘরের মাঠে ১২ বছরে কোনো টেস্ট সিরিজ না হারার আত্মবিশ্বাস নিয়ে গত বছরের অক্টোবরে নিউ জিল্যান্ড সিরিজ শুরু করেছিল ভারত। নিজ আঙিনা যাদের দুর্গ, দেশের মাঠে যারা অপ্রতিরোধ্য ও অপরাজেয়, সেই দলকে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়ে বিস্ময় উপহার দেয় কিউইরা। দেশের মাঠে তিন বা এর বেশি ম্যাচের টেস্ট সিরিজে প্রথমবার হোয়াইটওয়াশড হওয়ার তেতো অভিজ্ঞতা হয় ভারতের।
ওই সিরিজের আগের ৩৬ বছরে ভারতে কোনো টেস্ট জয়ই ছিল না কিউইদের। সেবারের আগে প্রায় ৭০ বছরে ১২ বারের ভারত সফরে কোনো সিরিজ জয় ছিল না তাদের।
এবার ভারতের সামনে ওয়েস্ট ইন্ডিজ, যারা ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট জিতেছে ২০০২ সালে। ভারতের মাটিতে সবশেষ সিরিজ জয়ের স্বাদ পেয়েছে তারা সেই ১৯৮৩ সালে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি বলেছেন, নিউ জিল্যান্ডের সাফল্য থেকে অনুপ্রেরণা নিয়ে ভারতকে হারাতে আত্মবিশ্বাসী তারা।
দুই ম্যাচের সিরিজটির জন্য বৃহস্পতিবার দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে আগারকার বলেন, নিউ জিল্যান্ড সিরিজের দুঃসহ স্মৃতি আবার ফিরুক, তা কোনোভাবেই চান না তারা।
“অবশ্যই ডব্লিউটিসির (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ) কারণে প্রতিটি টেস্ট ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। নিউ জিল্যান্ডের বিপক্ষে আমাদের সিরিজটা ছিল ভয়াবহ। হয়তো এটা ছিল আমাদের জন্য সতর্কবার্তা, একটা শিক্ষা। আমরা চাই না এর পুনরাবৃত্তি হোক। অনেক দিন ধরেই আমরা ঘরের মাঠে খুব শক্তিশালী ছিলাম। এরপর আমাদের কিছু বাজে ফলাফল হয়েছে। আমরা চেষ্টা করতে ও এটাকে পেছনে ফেলতে চাই।”
“ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে চারটি টেস্ট ম্যাচ আমরা খেলব, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা যতটা সম্ভব পয়েন্ট অর্জনের চেষ্টা করতে চাই, বিশেষ করে ঘরের মাঠে। এই খেলায় যে কোনো কিছু সম্ভব। তবে নিউ জিল্যান্ডের বিপক্ষে যা ঘটেছিল, তা আবার ঘটতে দিতে চাই না আমরা।”
আহমেদাবাদে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২ অক্টোবর, দিল্লিতে দ্বিতীয় টেস্ট হবে ১০ অক্টোবর থেকে।
টেস্ট ক্রিকেট থেকে রাভিচান্দ্রান অশ্বিন, রোহিত শার্মা ও ভিরাট কোহলির অবসরের পর এই সংস্করণে ঘরের মাঠে ভারতের প্রথম সিরিজ হবে এটি। তাদের ছাড়া গত জুন-জুলাইয়ে ইংল্যান্ডে গিয়ে নতুন অধিনায়ক শুবমান গিলের নেতৃত্বে পাঁচ টেস্টের সিরিজ ২-২ ড্র করে ভারত।