২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রাবিড়ের রেকর্ড ভাঙলেন গিল

২৩ বছর পুরোনো রেকর্ড ছাড়িয়ে নতুন চূড়ায় উঠলেন ভারতের টেস্ট অধিনায়ক।

দ্রাবিড়ের রেকর্ড ভাঙলেন গিল
শুবমান গিল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2025, 11:35 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

রাহুল দ্রাবিড়ের রেকর্ড ছুঁতে প্রয়োজন ছিল এক রান, ছাড়িয়ে যেতে দুই রান। পেসার ব্রাইডন কার্সকে অফ সাইডে খেলে দুই রান নিয়ে নতুন চূড়ায় উঠলেন শুবমান গিল।

ভারতের হয়ে ইংল্যান্ডে এক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড এতদিন ছিল দ্রাবিড়ের। ২০০২ সালে ৪ টেস্টে ৬০২ রান করেছিলেন শুদ্ধতার প্রতীক এই ব্যাটসম্যান।

পূর্বসূরির চেয়ে ১৭ রান পিছিয়ে চলতি সিরিজের লর্ডস টেস্ট শুরু করেন গিল। প্রথম ইনিংসে ভারত অধিনায়ক আউট হয়ে যান ১৬ রান করে। দ্বিতীয় ইনিংসে রোববার নতুন রেকর্ড গড়েন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান।

এরপর যদিও বেশিদূর যেতে পারেননি তিনি, আউট হয়ে যান ৯ বলে ৬ রান করে।

নেতৃত্বের অভিষেক সিরিজে তিন টেস্টে তার রান এখন ১০১.১৬ গড়ে ৬০৭। সেঞ্চুরি আছে তিনটি, যার একটি ডাবল।

এই সিরিজে প্রথম দুই টেস্টে আরও কিছু কীর্তি গড়েছেন গিল। সিরিজে ম্যাচ বাকি আছে আরও দুটি। সামনে আরও রেকর্ডের হাতছানি আছে তার সামনে।