১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাতীয় দল থেকে বাদ পড়েই নিতিশ রেড্ডির হ্যাটট্রিক

ভারতীয় দল থেকে জায়গা হারানোর পরপরই ঘরোয়া ক্রিকেটে হ্যাটট্রিক করে বার্তা দিয়ে রাখলেন তরুণ এই অলরাউন্ডার।

জাতীয় দল থেকে বাদ পড়েই নিতিশ রেড্ডির হ্যাটট্রিক
আনন্দে যেন উড়ছেন নিতিশ কুমার রেড্ডি। ছবি: ভিডিও থেকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2025, 02:14 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

নিতিশ কুমার রেড্ডিকে নিয়ে ভারতীয় ক্রিকেটে নানা সময়ে তোলপাড় কম হয়নি। ব্যর্থতার পরও বারবার তাকে সুযোগ দেওয়ায় আঙুল উঠেছে কোচ গৌতাম গাম্ভিরের প্রতি। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি দলে জায়গাও হারাতে হয়েছে তাকে। তবে জাতীয় দল থেকে বাদ পড়ে ঘরোয়া ক্রিকেটে খেলতে নেমেই প্রথম ম্যাচে আবার নিজের দাবি জানিয়ে রাখলেন এই অলরাউন্ডার।

ভারতের ঘরোয়া টি-টোয়েন্টির আসর সৈয়দ মুশতাক আলি ট্রফির ম্যাচে শুক্রবার আন্ধ্রা প্রদেশের হয়ে মধ্য প্রদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেন নিতিশ। তার দলকে যদিও জিততে পারেনি।

পুনের আম্বিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১৯ রানেই গুটিয়ে যায় আন্ধ্রা। চারে নেমে ২৫ রান করেন নিতিশ। সর্বোচ্চ ৩৯ রান করেন জাতীয় দলে জায়গা হারানো আরেক ক্রিকেটার শ্রিকার ভারত। 

রান তাড়ায় নামা মধ্য প্রদেশকে তৃতীয় ওভারেই কাঁপিয়ে দেন নিতিশ। ওভারের চতুর্থ বলে তিনি বিদায় করেন হার্শ গাওলিকে। ভেতরে ঢোকা বল ক্র ব্যাটে খেলে বোল্ড হন এই ওপেনার। নতুন ব্যাটসম্যান বাঁহাতি হারপ্রিত সিং প্রথম বলেই স্লিপে ক্যাচ দেন রিকি ভুইকে। 

এবার ক্রিজে যান মধ্য প্রদেশের অধিনায়ক রাজাত পাতিদার। আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক উইকেট হারান বাজে শটে। কাট করার চেষ্টায় বল টেনে আনেন তিনি স্টাম্পে। হ্যাটট্রিক পূর্ণ করে আনন্দে ডানা মেলে দেন নিতিশ। 

তবে মধ্য প্রদেশ পরে ম্যাচ জিতে যায় চার উইকেটে।

তিন ওভারে ১৭ রান খরচায় ওই তিনটি উইকেটই পান নিতিশ।

৩৮ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই প্রথম এক ম্যাচে তিন উকেট নিলেন ২২ বছর বয়সী অলরাউন্ডার। 

জাতীয় দলে থাকার সময় তার বোলিং সামর্থ্য নিয়েই প্রশ্ন উঠেছে বেশি। ভারতে হয়ে তিনি এখনও পর্যন্ত খেলেছেন ১০ টেস্ট, ২ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি। অস্ট্রেলিয়া সফরে ভারতের সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও তিনি বাদ পড়েন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজ থেকে।