১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ধোনির সঙ্গে খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত স্যামসন

ভারতের সফলতম অধিনায়কের সঙ্গে মাঠে নামতে তর সইছে না সাঞ্জু স্যামসনের।

ধোনির সঙ্গে খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত স্যামসন
মাহেন্দ্র সিং ধোনির সঙ্গে কথা বলছেন সাঞ্জু স্যামসন (বাঁয়ে)। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2026, 05:46 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

একই ড্রেসিং রুমে থাকা, অনুশীলন করা, বাইরে ঘুরতে যাওয়া; মাহেন্দ্র সিং ধোনির সঙ্গে এসব করতে পারবেন, ভাবতেই ভালো লাগছে সাঞ্জু স্যামসনের। ভারতের সফলতম অধিনায়কের সঙ্গে খেলার সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবানও মনে হচ্ছে তার। চেন্নাই সুপার কিংসের জার্সিতে ধোনির সঙ্গে মাঠে নামতে তর সইছে না তার।

ধোনির সঙ্গে আগে কখনও খেলার সুযোগ হয়নি স্যামসনের। ‘ভাগ্য’ তাকে এবার সেই সুযোগ দিয়েছে। গত নভেম্বরে রাজস্থান রয়্যালস থেকে ‘ট্রেড’ করে স্যামসনকে দলে টানে চেন্নাই। বিনিময়ে রাজস্থানকে রাভিন্দ্রা জাদেজা ও স্যাম কারানকে দেয় তারা।

আর ধোনি তো চেন্নাইয়ের সমার্থক। এখানে তিনি প্রবল জনপ্রিয় ও সমাদৃত। ভারতের এই শহর তাকে আপন করে নিয়েছে, এখানকার মানুষ তাকে ভালোবাসে, লালন করে। এই সবকিছুই শুধু চেন্নাই সুপার কিংসে বছরের পর বছর খেলার জন্য।

চেন্নাই নিষিদ্ধ থাকার সময় দুই মৌসুম রাইজিং পুনে সুপার জায়ান্টস দলে খেলেছিলেন ধোনি। তার নেতৃত্বে চেন্নাই পাঁচবার আইপিএলে শিরোপা জিতেছে, রানার্স আপ হয়েছে পাঁচবার।

ধোনির সঙ্গে খেলার ইচ্ছা অনেকদিন ধরে হৃদয়ে লালন করে আসছেন স্যামসন। এবার সেই সুযোগ পাচ্ছেন তিনি। অনুশীলনের ফাঁকে ধোনির সঙ্গে একান্তে স্যামসনের কথা বলার একটি ভিডিও প্রকাশ করেছে চেন্নাই। সেটা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে ধোনিকে নিয়ে নিজের অনুভূতির কথা কিছুটা তুলে ধরার চেষ্টা করেন স্যামসন।

“আইপিএলে আমাদের দেখা হতো। স্টেডিয়ামের বাইরে তখন অনেক ভিড় থাকত…(অত মানুষের ভিড়ে) আমার মনে হতো, এভাবে হবে না। ওনাকে আমার একা দেখতে হবে। এমন ইচ্ছা ছিল।”

“ভাগ্য আমাকে এমন এক জায়গায় নিয়ে এসেছে, আমি এখন ওনার সঙ্গে একই ড্রেসিং রুমে থাকছি। এটা মাস দুয়েকের মতো চলবে, আমি খুবই রোমাঞ্চিত। ওনার সঙ্গে দেখা হওয়া এবং কথা বলা নিয়ে আমি আসলে অনেক বেশি রোমাঞ্চিত। ওনার সঙ্গে বসে নাস্তা করা, একসঙ্গে অনুশীলন করা, ম্যাচ খেলা এবং বাইরে ঘুরতে যাওয়া— এসব ভাবতেই ভালো লাগছে।”

জাতীয় দলের হয়ে চমৎকার সময় কাটিয়ে নতুন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছেন স্যামসন। ভারতের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে তিনিই রেখেছেন সবচেয়ে বড় অবদান। সেমি-ফাইনাল, ফাইনালসহ টানা তিন ম্যাচে আশি ছোঁয়া ইনিংস খেলে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে নেন এই ওপেনার।

স্যামসনের আইপিএলের পরিসংখ্যান দারুণ সমৃদ্ধ। ১৭৭ ম্যাচে চার হাজার ৭০৪ রান করেছেন তিনি। তিনটি সেঞ্চুরির সঙ্গে ফিফটি করেছেন ২৬টি। এবার চেন্নাইয়ের জার্সিতে নিজেকে মেলে ধরার পালা ৩১ বছর বয়সী স্যামসনের।