আরও একবার প্রথম ওভারে উইকেট ও স্টার্কের অ্যাশেজ ‘সেঞ্চুরি’
এই নিয়ে ২৪ বার ইনিংসের প্রথম ওভারে উইকেট নিলেন মিচেল স্টার্ক, দারুণ এক মাইলফলকও পূর্ণ হলো তার।
অ্যাশেজের প্রথম ডেলিভারি। মিচেল স্টার্ক ছুটছেন বল হাতে। ধারাভাষ্যে অ্যাডাম গিলক্রিস্ট বললেন, ‘তিনবার ম্যাচের প্রথম বলেই উইকেট নিয়েছে সে…।’ চতুর্থবার সেটি হলো না। প্রথম ডেলিভারি ঠেকিয়ে দিলেন জ্যাক ক্রলি। তবে প্রথম ডেলিভারিই শুধু নয়, প্রথম ওভারে উইকেট নেওয়াকেও তো শিল্পে রূপ দিয়েছেন তিনি! সেই দক্ষতা ঠিকই দেখালেন বাঁহাতি এই ফাস্ট বোলার। এবারের অ্যাশেজের শুরুটা দারুণ করলেন তিনি প্রথম ওভারেই উইকেট নিয়ে।
ওভারের শেষ ডেলিভারিতে স্টাম্পের বাইরের বলে জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালিয়ে দিলেন জ্যাক ক্রলি। ব্যাটের কানায় লেগে বল গেল স্লিপে উসমান খাওয়াজার হাতে। খ্যাপাটে দৌড়ে স্টার্ক ছুটলেন বাঁধনহারা উদযাপনে। এবার ধারাভাষ্যকক্ষে গিলক্রিস্টের উচ্চারণ, “প্রথম বলে নয়, তবে প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম ওভারে ঠিকই হলো…।”
এই উইকেট নিয়ে জেমস অ্যান্ডারসনের আরেক ধাপ কাছে এগোলেন স্টার্ক। টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ২৪ বার প্রথম ওভারে উইকেট নিলেন তিনি।
টেস্ট ইতিহাসের সফলতম পেসার অ্যান্ডারসন শীর্ষে আছেন এই রেকর্ডেও। ২৯ বার প্রথম ওভারে উইকেট শিকার করেছেন ইংলিশ কিংবদন্তি।
অস্ট্রেলিয়ার ইতিহাসের সফলতম পেসার গ্লেন ম্যাকগ্রা প্রথম ওভারে উইকেট নিয়েছেন ১৬ বার, দক্ষিণ আফ্রিকান গ্রেট ডেল স্টেইন ১৪ বার ও ভারতের জাহির খান নিয়েছেন ১৩ বার।
পার্থে শুক্রবার প্রথম উইকেট নিয়েই থামেননি স্টার্ক। পরে ফিরিয়েছেন আরেক ওপেনার বেন ডাকেটকে। এরপর প্রথম স্পেলেই শূন্য রানে বিদায় করে দেন জো রুটকে।
ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যানকে ফিরিয়ে দারুণ এক মাইলফলক স্পর্শ করেন স্টার্ক। অ্যাশেজে তার শততম উইকেট সেটি।
অ্যাশেজে উইকেটের সেঞ্চুরি করা ২১তম বোলার তিনি। তাদের মধ্যে ১৪ জনই অস্ট্রেলিয়ার!
১৯৫ উইকেট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে লেগ স্পিনের জাদুকর শেন ওয়ার্ন। ১৫৭ উইকেট নিয়ে দুইয়ে ম্যাকগ্রা। ১৫৩ উইকেট নিয়ে তিনে আছেন স্টুয়ার্ট ব্রড।
তালিকায় আছেন আরও অনেক কিংবদন্তি। তবে একটি জায়গায় তিনিই প্রথম। বাঁহাতি পেসে অ্যাশেজে ১০০ উইকেট নেই আর কারও!
