টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও একই গ্রুপে ভারত ও পাকিস্তান
ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের পথচলা।
২০২৬ উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও একই গ্রুপে রাখা হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানকে। ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে দশম আসরের পথচলা।
ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় টুর্নামেন্টটির শুরু ও শেষের দিনক্ষণ গত মাসে ঘোষণা করেছিল আইসিসি। পূর্ণাঙ্গ সূচি ও গ্রুপিং বুধবার জানিয়ে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থাটি।
ভারত ও পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও গত আসরের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা। বাছাইপর্ব পেরিয়ে তাদের সঙ্গী হবে আরও দুটি দল।
স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে ‘বি’ গ্রুপে আছে গতবারের চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। এখানেও বাছাইপর্ব পেরিয়ে যোগ দেবে দুটি দল।
এজবাস্টনে ২০২৬ সালের ১২ জুন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। একই মাঠে ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে ১৪ জুন।
আগের ৯ আসরের ৭টিতে একই গ্রুপে ছিল ভারত ও পাকিস্তান। শুধু ২০১৪ ও ২০২০ আসরে আলাদা গ্রুপে ছিল এই দুই দল।
২৪ দিনের আসরে গ্রুপ পর্বে ম্যাচ হবে মোট ৩৩টি। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমি-ফাইনালে।
দুটি সেমি-ফাইনালই দা ওভালে হবে ৩০ জুন ও ২ জুলাই। ক্রিকেট-তীর্থ লর্ডসে ৫ জুলাই হবে ফাইনাল।
ইংল্যান্ডের মোট সাতটি ভেন্যুতে হবে খেলা।
আসছে আসর দিয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা ১০টি থেকে বাড়িয়ে করা হয়েছে ১২টি।
স্বাগতিক ইংল্যান্ডসহ আটটি দল সরাসরি জায়গা করে নিয়েছে বিশ্বকাপে। বাকি চার দলকে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করতে হবে বাছাইপর্ব খেলে।
আগামী বছরের শুরুতে ১০ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে বাছাইপর্ব। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি করে দল জায়গা পাবে মূল পর্বে।
বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে হলে বাছাই পেরিয়ে আসতে হবে। বাংলাদেশের সঙ্গে স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র, নেপাল ও থাইল্যান্ড এরই মধ্যে বাছাইয়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
