১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আমলার পছন্দের ব্যাটসম্যান যারা

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গ্রেট ব্রায়ান লারা, অস্ট্রেলিয়ার ব্যাটিং গ্রেট স্টিভ ওয়াহ এবং ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডারদের একজন জ্যাক ক্যালিস ছিলেন ছোটবেলায় হাশিম আমলার আইডল।

আমলার পছন্দের ব্যাটসম্যান যারা
হাশিম আমলার পছন্দের ব্যাটসম্যানের মধ্যে আছে এবি ডি ভিলিয়ার্স (ডানে)। ছবি: ক্রিকেট সাউথ আফ্রিকা ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2025, 05:38 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

যুগে যুগে ব্যাট হাতে ২২ গজে রাজত্ব করেছেন অনেকে। দুর্দান্ত সব পারফরম্যান্সে মন জয় করে নিয়েছেন সবার। কঠিন হলেও, তাদের মধ্যে থেকে নিজের পছন্দের কয়েকজন ব্যাটসম্যান বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকান সাবেক টপ অর্ডার ব্যাটসম্যান হাশিম আমলা।

দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের হয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) লিগ খেলতে এখন ইংল্যান্ডে আছেন আমলা। সেখানেই স্টার স্পোর্টসের সঙ্গে এক আলাপচারিতায় তার সবসময়ের পছন্দের তিন ব্যাটসম্যানের নাম জানতে চাওয়া হয়।

ছোটবেলায় আমলার আইডল ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গ্রেট ব্রায়ান লারা, অস্ট্রেলিয়ার ব্যাটিং গ্রেট স্টিভ ওয়াহ এবং ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডারদের একজন জ্যাক ক্যালিস।

নিজের ফেভারিট ব্যাটসম্যানের তালিকায় ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে ভারতের ভিরাট কোহলি ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকেও রেখেছেন আমলা।

যাকে ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন হিসেবে বিবেচনা করা হয়, আন্তর্জাতিক ক্রিকেটে যার রান সবচেয়ে বেশি, সেই সাচিন টেন্ডুলকার নেই আমলার এই ছোট্ট তালিকায়। নেই অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র্যাডম্যানও।

“এটার উত্তর দেওয়া সত্যিই কঠিন। এত বছরে এমন অনেক ক্রিকেটারই এসেছে। বেড়ে ওঠার সময় আমার তিনজন ফেভারিট খেলোয়াড় ছিলেন (ব্রায়ান) লারা, স্টিভ ওয়াহ ও জ্যাক ক্যালিস। তবে সম্ভবত আরও তিনজন আছেন; সাম্প্রতিক সময়ের ভিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স এবং আমি আগের একজনের নাম বলব, স্যার ভিভিয়ান রিচার্ডস।”

দক্ষিণ আফ্রিকার জার্সিতে ১২৪ টেস্ট খেলে ৪৬.৬৪ গড়ে ৯ হাজার ২৮২ রান করেছেন আমলা। তার নামের পাশে সেঞ্চুরি ২৮টি, ফিফটি ৪১টি। সাদা পোশাকে দেশটির হয়ে তার চেয়ে বেশি রান আছে কেবল ক্যালিসের, ১৩ হাজার ২০৬।

ওয়ানডেতে আমলার রান ৮ হাজার ১১৩। এই সংস্করণে ১৮১ ম্যাচ খেলে তিনি সেঞ্চুরি করেছেন ২৭টি, ফিফটি ৩৯টি, ব্যাটিং গড় ৪৯.৪৬। ওয়ানডেতে প্রোটিয়াদের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৪ ম্যাচ খেলে ১ হাজার ২৭৭ রান করেছেন আমলা। ফিফটি ৮টি, নেই কোনো সেঞ্চুরি।