Published : 12 Jan 2026, 09:43 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশের কোনো ম্যাচ খেলতে না চাওয়া নিয়ে সারাদিনে অনেক খবর প্রকাশের পর নিজেদের অবস্থান পরিষ্কার করল বিসিবি। দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি জানাল, এখনও তাদের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি।
ভারতীয় গণমাধ্যমে খবর আসে, কলকাতা ও মুম্বাই থেকে বাংলাদেশের ম্যাচ চেন্নাই ও ত্রিভান্দ্রামে সরিয়ে নেওয়া হচ্ছে।
পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কার্যালয়ে গিয়ে আইসিসির এক চিঠির বরাত দিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আইসিসি তিনটি শঙ্কার কথা বলেছে বিসিবিকে।
“বাংলাদেশ দলে যদি মুস্তাফিজুর রহমান অন্তর্ভুক্ত হয়। বাংলাদেশ দলের সমর্থকরা যদি জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করে। নির্বাচন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে।”
পরে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার সামাজিক মাধ্যমে পরিষ্কার করেন, ক্রীড়া উপদেষ্টার বলা ওই চিঠি একটি ‘অভ্যন্তরীণ নোট।’
“ক্রীড়া উপদেষ্টা আজ আইসিসির যে বার্তার কথা বলেছেন, তা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে ঝুঁকি মূল্যায়ন নিয়ে একটি অভ্যন্তরীণ নোট। ভারতের বাইরে ম্যাচ সরিয়ে নিতে বাংলাদেশের অনুরোধের জবাব নয়।”
রাতে বিসিবি এক বার্তায় জানায়, ভেন্যু পরিবর্তন নিয়ে এখনও আইসিসির কোনো আনুষ্ঠানিক জবাব তারা পায়নি।
“ক্রীড়া উপদেষ্টা আজ যে চিঠির কথা বলেছেন, পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ঝুঁকি সম্পর্কিত বিসিবি ও আইসিসির নিরাপত্তা দলের অভ্যন্তরীণ যোগাযোগের সূত্র ধরে বলা। এটি আইসিসির প্রতি ভারত থেকে বাংলাদেশের ম্যাচ সরিয়ে নিতে বিসিবির অনুরোধের আনুষ্ঠানিক জবাব নয়।”
“বিসিবি আবারও জানাচ্ছে যে, দলের নিরাপত্তার স্বার্থে ভেন্যু নিয়ে আনুষ্ঠানিক উদ্বেগ জানিয়েছে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ জানিয়েছে। বোর্ড নিশ্চিত করছে যে, এই ব্যাপারে এখনও তারা আইসিসির আনুষ্ঠানিক জবাবের জন্য অপেক্ষা করছে।”