রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হচ্ছেন সাঙ্গাকারা, খবর ক্রিকইনফোর
এর আগে চার মৌসুম রাজস্থানের প্রধান কোচ ছিলেন শ্রীলঙ্কান এই ব্যাটিং গ্রেট।
পুরনো দায়িত্বে আবার দেখা যেতে পারে কুমার সাঙ্গাকারাকে। রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হতে যাচ্ছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেট পরিচালক।
সাঙ্গাকারার প্রধান কোচের দায়িত্ব নেওয়ার কথা এখনও জানায়নি রাজস্থান। তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকফোর খবর, ২০২৬ সালের আইপিএলের পরিকল্পনা এরই মধ্যে শুরু করে দিয়েছেন তিনি।
গত মাসের শেষ দিকে রাজস্থানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়। ক্রিকইনফোর খবর অনুযায়ী, ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী কোচের স্থলাভিষিক্ত হবেন সাঙ্গাকারা।
২০২১ সাল থেকে রাজস্থানের ক্রিকেট পরিচালকের দায়িত্ব পালন করছেন সাঙ্গাকারা। ২০২৪ সাল পর্যন্ত দলটির প্রধান কোচও ছিলেন তিনি। শ্রীলঙ্কার ব্যাটিং গ্রেটের কোচিংয়ে চার মৌসুমে দুইবার প্লেঅফে খেলে রাজস্থান।
আইপিএলের উদ্বোধনী আসর ২০০৮ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২২ সাল প্রথমবারের মতো ফাইনালে ওঠে দলটি। কিন্তু গুজরাট টাইটান্সের বিপক্ষে হেরে দ্বিতীয় শিরোপার স্বাদ আর পায়নি তারা। ২০২৩ আসরে পঞ্চম হওয়ার পরের মৌসুমে দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে যায় রাজস্থান।
২০২৪ সালে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো দ্রাবিড়ের সঙ্গে গত মৌসুমের আগে একাধিক বছরের জন্য চুক্তি করে রাজস্থান। কিন্তু দ্রাবিড়ের কোচিংয়ে ২০২৫ আসর বাজে কাটে দলটির। ১০ দলের মধ্যে নবম স্থানে থেকে আসর শেষ করে তারা। ১৪ ম্যাচে স্রেফ ৪টিতে জয়ের স্বাদ পায় সাঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দল।
দলের এমন ভরাডুবির পর কাঠামোগত পর্যালোচনা করে রাজস্থান। সেই পথ ধরেই দ্রাবিড়ের সঙ্গে তাদের সম্পর্কে ছেদ পড়ে। সম্পর্কের ইতি টানার বিবৃতিতে রাজস্থান তখন উল্লেখ করেছিল, আরও বড় পরিসরের দায়িত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল দ্রাবিড়কে, কিন্তু তিনি তা গ্রহণ করেননি।
ক্রিকইনফোর বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক ভারতীয় ব্যাটসম্যান ভিক্রাম রাঠোরকে সহকারী কোচ হিসেবে ধরে রাখছে রাজস্থান। বোলিং কোচ হিসেবে যথারীতি থাকছেন নিউ জিল্যান্ডের সাবেক তারকা পেসার শেন বন্ড।
