২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এম চিন্নাসোয়ামিতে কোহলিদের ৫ ম্যাচ

এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুটি ‘হোম’ ম্যাচ রায়পুরে হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2026, 09:24 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

এবারের আইপিএল ম্যাচ এম চিন্নাসোয়ামি স্টেডিয়ামে আয়োজন নিয়ে যে অনিশ্চয়তা ছিল, সেটা কেটে গেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পাঁচটি ম্যাচ এই মাঠে হওয়ার কথা নিশ্চিত করা হয়েছে।

কার্নাটাকা স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) এবং আরসিবির কর্মকর্তাদের দীর্ঘ আলোচনার পর সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে বিষয়টি জানানো হয়েছে। আইপিএলের পূর্ণাঙ্গ সূচি শিগগিরই ঘোষণা করা হবে।

আগামী ২৮ মার্চ শুরু হবে ২০২৬ সালের আইপিএল। ধারণা করা হচ্ছে, আসরের উদ্বোধনী ম্যাচ চিন্নাসোয়ামিতে হবে। 

আইপিএলের শিরোপাধারী বেঙ্গালুরু নিশ্চিত করেছে, ‘পূর্বের অঙ্গীকার অনুযায়ী’ তাদের দুটি ম্যাচ রায়পুরের শাহিদ ভির নারায়ান স্টেডিয়ামে হবে।

গত বছর চিন্নাসোয়ামি স্টেডিয়ামে ঘরে যায় মর্মান্তিক দুর্ঘটনা। গত ৪ জুন আইপিএলের নতুন চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর শিরোপা উদযাপনের অংশ হতে স্টেডিয়ামের চারপাশে হাজির হয় লাখো মানুষ। সেখানেই হুড়োহুড়িতে পদদলিত হয়ে প্রাণ হারান ১১ জন এবং আহত হন অন্তত ৪৭ জন।

ওই ঘটনার পর চিন্নাসোয়ামি স্টেডিয়ামে দীর্ঘদিন শীর্ষ পর্যায়ের ম্যাচ হয়নি। আইপিএলের ম্যাচ সেখানে আয়োজন করা নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা। সেসবের আপাতত ইতি ঘটেছে।

সেই ঘটনায় দীর্ঘ আইনি লড়াইয়ের পর ১৭ দফার অবকাঠামোগত সংস্কারের নির্দেশ দেয় সরকার। কেএসসিএ বর্তমানে সেই ‘স্বল্পমেয়াদী প্রতিশ্রুতিগুলো’ পূরণের শেষ ধাপের কাজ করছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, ১৫ মার্চের মধ্যে কেএসসিএ-কে স্টেডিয়ামের প্রবেশ ও বাহির হওয়ার পথ প্রশস্ত করাসহ সমস্ত অমীমাংসিত কাজ শেষ করতে হবে।