১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে রেকর্ডের মালা সাজিয়ে রুতুরাজের অপরাজিত ১৩৪

লিস্ট ‘এ’ ক্রিকেটে রানের ফোয়ারা ছুটিয়ে চলেছেন ভারতীয় এই ব্যাটসম্যান।

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে রেকর্ডের মালা সাজিয়ে রুতুরাজের অপরাজিত ১৩৪
রুতুরাজ গায়কোয়াড়। ছবি: এক্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2026, 06:57 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

রুতুরাজ গায়কোয়াড যখন ক্রিজে গেলেন, ২ রানে ৩ উইকেট হারিয়ে কাঁপছিল দল। পরে দ্রুত আরও তিন ব্যাটসম্যানকে হারাল মহারাষ্ট্র। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দলকে টানলেন রুতুরাজ। অপরাজিত সেঞ্চুরিতে গড়লেন একাধিক রেকর্ড।

ভিজায় হাজারে ট্রফিতে বৃহস্পতিবার গোয়ার বিপক্ষে ১৩৪ রান করেন রুতুরাজ। তার ১৩১ বলের ইনিংসটি সাজানো ৬টি ছক্কা ও ৮টি চারে।

ইনিংসটির পথে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ৫ হাজার রানের রেকর্ড গড়েন রুতুরাজ। এই সংস্করণে ৯৭ ইনিংসে ৫ হাজার রান করে এতদিন রেকর্ডটি ছিল পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজমের। তার চেয়ে দুই ইনিংস কম খেলেই পাঁচ হাজারের মাইলফলক স্পর্শ করলেন রুতুরাজ। ৯৫ ইনিংসে ব্যাটিং করে তার রান এখন ৫ হাজার ৬০।

৫০ ওভারের স্বীকৃত ম্যাচে ৯৫ ইনিংসে ব্যাটিং করে ২০টি সেঞ্চুরি করলেন রুতুরাজ। এই সংস্করণে তার চেয়ে কম ইনিংসে ২০ সেঞ্চুরি করতে পারেননি কেউ।

ভিজায় হাজারে ট্রফিতে ৫৭ ইনিংসে এনিয়ে ১৫বার তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন তিনি। এই টুর্নামেন্টে যা যৌথভাবে সবচেয়ে বেশি শতকের রেকর্ড। ৯৪ ইনিংসে ১৫ সেঞ্চুরি করেছেন আনকিত বাওয়ানে। ১৩ সেঞ্চুরি করে যৌথভাবে তালিকায় দুইয়ে দেবদূত পাডিক্কাল (৩৫ ইনিংস) ও মায়াঙ্ক আগারওয়াল (৭৮ ইনিংস)।

ভারতের এই ঘরোয়া লিস্ট ‘এ’ প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটিও এখন রুতুরাজের। এখন পর্যন্ত ১১২টি ছক্কা মেরেছেন তিনি। ১০৮ ছক্কা মেরে দুইয়ে বিষ্ণু বিনোদ। 

ইনিংসটি খেলে লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের ব্যাটিং গড় ৫৮.৮৩ তে নিয়ে যান রুতুরাজ। এই সংস্করণে কমপক্ষে ৫০ ইনিংস ব্যাটিং করাদের মধ্যে সবচেয়ে বেশি গড় এখন তার।

তালিকায় চূড়ায় ওঠার পথে ভারতের ব্যাটিং গ্রেট ভিরাট কোহলি (৫৭.৬৭), ইংলিশ ব্যাটসম্যান স্যাম হেইন (৫৭.৭৬) ও অস্ট্রেলিয়ান ব্যাটিং গ্রেট মাইকেল বেভানকে (৫৭.৮৬) পেছনে ফেলেছেন রুতুরাজ।

ভিজায় হাজারে ট্রফির চলতি আসরেই গত ৩১ ডিসেম্বর উত্তরাখান্ডের বিপক্ষে ১২৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ডিসেম্বরেই ভারতের জার্সিতে ওয়ানডেতে প্রথম শতকের স্বাদ পান তিনি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন ১০৫ রান। ওয়ানডে ২৮.৫০ গড়ে তার রান ২২৮ রান।

রুতুরাজের এই কীর্তি অবশ্য টিকবে না। কারণ আরেক ভারতীয় ব্যাটসম্যান পাডিক্কাল এই সংস্করণে রানের স্রোত বইয়ে চলেছেন। ৩৯ ইনিংস শেষে তার ব্যাটিং গড় ৮২.১৫। পরের ১১ ইনিংসে যদি শূন্য রানেও আউট হন তিনি, তবুও তার গড় থাকবে ৬০ এর উপরে। 

নামের পাশে ৫৭.২৭ গড় নিয়ে এদিন ব্যাটিং শুরু করেন রুতুরাজ। তিনি ক্রিজে যাওয়ার কয়েক ওভার পর মহারাষ্ট্রের রান হয়ে যায় ২ উইকেটে ২৫। কিছুক্ষণ রুতুরাজকে সঙ্গ দিয়ে রামাকৃষ্ণা ঘোষ ফিরে ফেলে দলটির রান দাঁড়ায় ৬ উইকেটে ৫২।

ভিকি অস্টওয়ালকে নিয়ে সেখান থেকে দলকে কক্ষপথে ফেরান রুতুরাজ। দুটি করে ছক্কা-চারে ৮২ বলে ৫৩ রান করে অস্টওয়াল বিদায় নিলে ভাঙে ১০৬ রানের জুটি। এরপর রাজভার্ধান হাঙ্গারগেকারকে নিয়ে ইনিংসের বাকি পথ পাড়ি এন রুতুরাজ। দুইজনের অবিচ্ছিন্ন জুটিতে আসে ৯১ রান।

তাদের নৈপুণ্যে ৭ উইকেটে ২৪৯ রান করে মহারাষ্ট্র। পরে রোমাঞ্চকর লড়াইয়ে গোয়াকে ২৪৪ রানে থামিয়ে ৫ রানের দারুণ জয় তুলে দেয় রুতুরাজের দল।