২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারের দায় বোলারদের দিলেন রাশিদ

ভুলগুলোর পুনরাবৃত্তি সামনে দেখতে চান না আফগানিস্তান অধিনায়ক।

হারের দায় বোলারদের দিলেন রাশিদ
গ্লেন ফিলিপসের স্টাম্প ভেঙে রাশিদ খানের হুঙ্কার। ছবি: আফগানিস্তান ক্রিকেট বোর্ড ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2026, 05:44 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

নিউ জিল্যান্ডকে রান তাড়ার রেকর্ড গড়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পেরেছিল আফগানিস্তান। দ্বিতীয় ওভারে টানা দুই বলে উইকেট নিয়ে প্রতিপক্ষকে চেপেও ধরেছিল তারা। কিন্তু পরে আর সেই চাপ ধরে রাখতে পারেনি আফগানরা। ভালো শুরুর পরও শেষ পর্যন্ত হারের তেতো স্বাদ পাওয়ায় দলের বোলারদের দায়ী করলেন অধিনায়ক রাশিদ খান।

চেন্নাইয়ে ব্যাটিং সহায়ক উইকেটে রোববার গুলবাদিন নাইবের ফিফটিতে ১৮৩ রান করে আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে যেকোনো দলের যা সর্বোচ্চ।

ব্যাটিংয়ে শুরুটা খুব ভালো ছিল না আফগানিস্তানের। প্রথম ১০ ওভারে কেবল ৭২ রান করতে পারে তারা। পরের ১০ ওভারে অবশ্য সেটা পুষিয়ে নেয় ১১০ রান করে। দলকে শেষ পর্যন্ত লড়ার পুঁজি এনে দেওয়ায় ব্যাটসম্যানদের প্রশংসা করেছেন রাশিদ।

কিন্তু বোলাররা পারেননি তাদের কাজটা ঠিকঠাক করতে। যে বোলিং আফগানদের সবচেয়ে বড় শক্তি, কিউইদের বিপক্ষে তাদের পরাজয় মূলত বোলারদের ব্যর্থতায়।

অবশ্য বোলিংয়ে তাদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। নিউ জিল্যান্ডের রান তাড়ায় দ্বিতীয় ওভারে দুর্দান্ত দুই ডেলিভারিতে ফিন অ্যালেন ও রাচিন রাভিন্দ্রাকে বোল্ড করে দেন মুজিব উর রহমান। কিন্তু এরপর বাঁধন যেন আলগা করে দেন আফগানরা।

টিম সাইফার্ট ও গ্লেন ফিলিপসের ব্যাটে ঘুরে দাঁড়ায় ১৪ রানে দুই উইকেট হারানো কিউইরা। এই দুইজনের ৭৪ রানের জুটিতে জয়ের ভিত গড়ে ফেলে দলটি। রেকর্ড গড়ে ১৩ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় তুলে নেয় তারা।

গত বিশ্বকাপে নিউ জিল্যান্ডকে হারিয়েছিল আফগানিস্তান। খেলেছিল আসরের সেমি-ফাইনালেও। কিন্তু এবার কিউইদের হারাতে না পেরে হতাশ রাশিদ। কাঠগড়ায় তুললেন তিনি দলের বোলারদের।

“বোলিংয়ে আমাদের শেখার আছে। আমরা ভালো একটা সংগ্রহ গড়েছি। কিন্তু যে জায়গায় বল করেছি, ওরা রান করার বেশি সুযোগ পেয়েছে। মুজিব ভালো শুরু করেছিল, ব্যাট হাতেও শুরুটা ভালো ছিল। কিন্তু পাওয়ার প্লের পর বোলিংয়ে আমাদের সমস্যা ছিল।”

“কন্ডিশন অনুযায়ী আমরা ধারাবাহিকভাবে সঠিক জায়গায় বল ফেলতে পারিনি। স্টাম্প সোজা ভালো লেংথের বল মারা কঠিন ছিল। আমরা সেটা করতে পারিনি। আশা করি, এসব ভুলের পুনরাবৃত্তি হবে না।”

আহমেদাবাদে আগামী বুধবার গত আসরের রানার্স-আপ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান।