ভারত-পাকিস্তান সংঘাত: বদলে যেতে পারে আইপিএল ম্যাচের ভেন্যু
ভারত সীমান্তবর্তী কিছু বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়তে পারে ক্রিকেটেও। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের হামলা, পাল্টা হামলায় ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের কিছু ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হতে পারে।
আগামী রোববার ধারামশালায় মুখোমুখি হওয়ার কথা মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের। ম্যাচটি খেলতে বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় মুম্বাই ছাড়ার কথা ছিল হার্দিক পান্ডিয়া, রোহিত শার্মাদের।
পাঞ্জাবের শহর চান্ডিগাড় হয়ে ধারামশালায় যাওয়ার পরিকল্পনা করেছিল মুম্বাই দল। চান্ডিগাড়ে রাত্রিযাপনেরও কথা ছিল তাদের। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের খবর, সেখানকার বিমানবন্দরে নামার অনুমতি না পাওয়ায় ভ্রমণ আপাতত স্থগিত করেছে ফ্র্যাঞ্চাইজি।
যুদ্ধের দামামার মাঝে সীমান্তবর্তী বেশ কয়েকটি বিমানবন্দর-জাম্মু, শ্রীনগর, জোদপুর, আম্রিতসার, ভুজ, জামনাগার, চান্ডিগাড় ও রাজকোট আগামী শনিবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। অনেক ফ্লাইট বাতিলও করা হয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইয়ের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় আছে মুম্বাই দল। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু মুম্বাই-পাঞ্জাব কিংবা ধারামশালায় অনুষ্ঠেয় ম্যাচ নয়, উত্তর ভারতের সব ম্যাচই নতুন ভেন্যুতে সরিয়ে নেওয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ।
ধারামশালায় বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে পাঞ্জাব। এরই মধ্যে দুই দল সেখানে পৌঁছে গেছে। কিন্তু নিকটবর্তী বিমানবন্দরগুলো বন্ধ থাকায় দল দুটির পরবর্তী ভ্রমণ নিয়েও জেগেছে অনিশ্চয়তা।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর, এসব বিষয় নিয়ে আলোচনা ও সমস্যা সমাধানের জন্য বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা একসঙ্গে বসেছেন।
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। যার দায় পাকিস্তানের ওপর দিচ্ছে ভারত সরকার। যার ফলে দুই দেশের মধ্যে তৈরি হয় তীব্র উত্তেজনা।
পেহেলগামে ওই সন্ত্রাসী হামলার ‘বদলায়’ মঙ্গলবার গভীররাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালায় ভারত। তার পাল্টায় গোলাবর্ষণসহ সামরিক জবাব দেয় পাকিস্তানও। এ সংঘাতে এখন পর্যন্ত দুই দেশ মিলিয়ে ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
