১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সারফারাজ এবার আরও আগ্রাসী

তার বিস্ফোরক ব‍্যাটিংয়ে টানা দ্বিতীয় ম‍্যাচে দুইশ ছাড়ানো লক্ষ‍্য তাড়া করল মুম্বাই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2025, 05:36 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

সৈয়দ মুশতাক আলি ট্রফিতে টানা দ্বিতীয় ম‍্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন সারফারাজ খান। আগের চেয়ে এবার আরও বেশি আগ্রাসী এই টপ অর্ডার ব‍্যাটসম‍্যান। তার বিস্ফোরক ইনিংসে টানা দ্বিতীয় ম‍্যাচে দুইশ ছাড়ানো লক্ষ‍্য তাড়া করল মুম্বাই। 

পুনেতে মঙ্গলবার সুপার লিগের ‘বি’ গ্রুপের ম‍্যাচে রাজস্থানকে ৩ উইকেটে হারিয়েছে মুম্বাই।

টস হেরে ব‍্যাট করতে নেমে দিপাক হুডা ও মুকুল চৌধুরির পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৪ উইকেটে ২১৬ রান করে রাজস্থান। ১১ বল বাকি থাকতেই সেই লক্ষ‍্য ছুঁয়ে ফেলে মুম্বাই।

দ্বিতীয় উইকেটে আজিঙ্কা রাহানের সঙ্গে মাত্র ৩৮ বলে ১১১ রানের জুটিতে দলকে উড়ন্ত সূচনা এনে দেন সারফারাজ। ১৫ বলে পঞ্চাশ ছুঁয়ে তিনি বেশি দূর যেতে পারেননি তিনি। ২২ বলে সাত ছক্কা ও ছয় চারে করেন ৭৩ রান। এই ইনিংসে তিনিই জেতেন ম‍্যাচ সেরার পুরস্কার। 

হারিয়ানার বিপক্ষে ২৩৪ রান তাড়া করে জয়ের পথে সারফারাজ ২৫ বলে খেলেন ৬৪ রানের ইনিংস। 

পরপর দুই ম্যাচে বিস্ফোরক দুটি ইনিংসও যথেষ্ট হলো না সারফারাজের জন্য। আইপিএলের নিলামে প্রথম দফায় নাম উঠলে তাকে নিতে কেউ আগ্রহ দেখায়নি। 

৪১ বলে অপরাজিত ৭২ রানের ইনিংসে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন রাহানে। আটে নেমে ৯ বলে ২৬ রানের কার্যকর ক‍্যামিও ইনিংস খেলেন আথার্ভা আঙ্কোলেকার।