২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ড সফরে নাইটক্লাবের ঘটনার জন্য ব্রুকের ক্ষমা প্রার্থনা

ওই ঘটনায় আর্থিক জরিমানা করা হয়েছিল ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ককে।

নিউ জিল্যান্ড সফরে নাইটক্লাবের ঘটনার জন্য ব্রুকের ক্ষমা প্রার্থনা
হ্যারি ব্রুক। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2026, 08:50 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

মদ্যপান ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না ইংল্যান্ডের। অ্যাশেজের শেষ দিনে বেরিয়ে এসেছে নাইটক্লাবে হ্যারি ব্রুকের বিবাদে জড়ানোর পুরনো এক ঘটনা। যার জন্য এরই মধ্যে সবার কাছে ক্ষমা চেয়েছেন ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক।

গত অক্টোবরে নিউ জিল্যান্ড সফর চলাকালে ওই কাণ্ড ঘটে। ওয়েলিংটনে কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের আগের রাতে একটি নাইটক্লাবে যান ব্রুক। কিন্তু তাকে মদ্যপ সন্দেহে ভেতরে ঢুকতে দেননি নিরাপত্তারক্ষীরা।

তখনই নিরাপত্তারক্ষীদের একজনের সঙ্গে তর্কে জড়ান ব্রুক। পরে তাকে আঘাত করেন ওই নিরাপত্তারক্ষী। অবশ্য এতে কোনো চোট পাননি ইংল্যান্ডের টেস্ট সহ-অধিনায়ক।

পরে ব্রুক নিজেই ওই ঘটনার কথা বোর্ডে জানান। শৃঙ্খলা ভঙ্গের জন্য তাকে ৩০ হাজার পাউন্ড জরিমানা করে ইসিবি। সঙ্গে তাকে শেষবারের মতো সতর্ক করে দেয়।

ইংলিশ সংবাদমাধ্যম ‘দা টেলিগ্রাফ’ বৃহস্পতিবার ওই ঘটনা ফাঁস করে। এদিনই অস্ট্রেলিয়ার কাছে সিডনি টেস্টে ৫ উইকেটে হেরে অ্যাশেজ শেষ করে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজটি ৪-১ ব্যবধানে জিতে নেয় অস্ট্রেলিয়া।

গত ৩১ অক্টোবরের ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন ব্রুক। নিজেকে শুধরে নেওয়ার কথাও বলেন তিনি।

“আমার কাজের জন্য ক্ষমা চাইছি। পুরোপুরি স্বীকার করছি যে, আমার আচরণ ছিল বাজে এবং সেটা আমাকে ও ইংল্যান্ড দলকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা সবচেয়ে বড় সম্মানের, যেটাকে আমি গুরুত্বের সঙ্গে দেখি। আমার সতীর্থ, কোচ এবং সমর্থকদের হতাশ করার জন্য আমি গভীরভাবে দুঃখিত।”

অস্ট্রেলিয়ায় প্রথম অ্যাশেজ সফরটা ভালো কাটেনি ব্রুকের। ১০ ইনিংসে কেবল ৩৫৮ রান করতে পারেন তিনি। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসছে আসরে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন ব্রুক। এর আগে তার অধিনায়কত্বে শ্রীলঙ্কায় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড।

এবারের অ্যাশেজ চলাকালে ইংলিশ ক্রিকেটারদের বিরুদ্ধে অতিরিক্ত মদ্যপান করার অভিযোগ ওঠে। বিবিসিসহ কয়েকটি গণমাধ্যম তাদের প্রতিবেদনে লেখে, অ্যাডিলেইডে তৃতীয় টেস্টের আগে কুইন্সল্যান্ডের নুসা সৈকতে কাটানো সময়ের উল্লেখযোগ্য একটি অংশে মদ্যপান করেন কয়েকজন ক্রিকেটার। শুধু তাই নয়, ব্রিজবেন টেস্টে হারের পরও দুই দিন একই কাজ করেন তারা।

বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছিলেন ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক রব কি। আর অ্যাশেজে ভরাডুবির পর ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গৌল্ড বলেছেন, পুরো সফরের সবকিছু পর্যালোচনা করছে বোর্ড। সেখানে ক্রিকেটারদের আচরণও মূল্যায়ন করা হবে।