১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হেলমেটে দুইবার বলের আঘাতে মাঠ ছাড়লেন অ্যাটকিনসন

ইংলিশ পেসার জশ টংয়ের পরপর দুই ওভারে বল আঘাত হানে গাস অ্যাটকিনসনের হেলমেটে।

হেলমেটে দুইবার বলের আঘাতে মাঠ ছাড়লেন অ্যাটকিনসন
ইংলিশ ক্রিকেট গাস অ্যাটকিনসন। ছবি: অ্যাটকিনসনের ইনস্টাগ্রাম থেকে

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2026, 11:05 AM

Updated : 26 Aug 2026, 03:35 PM

প্রথমবার হেলমেটে বল আঘাত করার পরও ব্যাটিং চালিয়ে যান গাস অ্যাটকিনসন। কিন্তু দ্বিতীয়বার লাগার পর আর পারলেন না তিনি। ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হলো ইংলিশ পেসারকে।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে চলমান নটিংহ্যামশায়ার ও সারের ম্যাচে এই ঘটনা ঘটে। সারের প্রথম ইনিংসে তিন চারে ২৭ রান করে ড্রেসিং রুমে ফেরেন অ্যাটকিনসন।

দুইবারই জাতীয় দলের সতীর্থ জশ টংয়ের বল ছোবল দেয় অ্যাটকিনসনের হেলমেটে। সেটাও আবার টংয়ের পরপর দুই ওভারে।

দ্বিতীয়বারের আঘাতটা বাজে হওয়ায় কনকাশনের শঙ্কায় অ্যাটকিনসনকে তুলে নেয় সারে। তার বদলি হিসেবে নামেন আরেক পেসার রিস টপলি, যিনি ইংল্যান্ডের হয়ে ৩০টি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি খেলেছেন।

অ্যাটকিনসনের গুরুতর কোনো সমস্যা না হওয়ার কথা নিশ্চিত করেছেন সারের কোচ গ্যারেথ ব্যাটি।

“মাঠে সব পরীক্ষায় উতরে গেছে গাস (অ্যাটকিনসন), নয়তো সেখানে সে থাকতে পারত না। সে ভালোই অনুভব করছিল, কিন্তু খেলোয়াড়দের সুরক্ষার বিষয়টি সামনে আসে। ঠিক কী ঘটেছিল তার খুঁটিনাটি জানি না, তবে এক পর্যায়ে স্পষ্ট হয়ে যায় যে, তাকে মাঠ ছাড়তেই হবে। সে এখন ঠিক আছে।”

অস্ট্রেলিয়ায় ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হওয়া সবশেষ অ্যাশেজ সিরিজের দলে ছিলেন অ্যাটকিনসন। পাঁচ ম্যাচের তিনটিতে খেলে খুব একটা ভালো করতে পারেননি তিনি। ৭৩ ওভার বোলিং করে ছয় শিকার ধরেন ৪৭.৩৩ গড় ও ৭৩ স্ট্রাইক রেটে।

ওই সিরিজের তৃতীয় ম্যাচে একাদশের বাইরে থাকা অ্যাটকিনসন পঞ্চম টেস্টে খেলতে পারেননি হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে।

ইংল্যান্ডের পরের টেস্ট সিরিজ শুরু আগামী ৪ জুন, লর্ডসে নিউ জিল্যান্ডের বিপক্ষে। সবকিছু ঠিক থাকলে তিন ম্যাচের সিরিজটির দলে থাকবেন এখন পর্যন্ত ১৬ টেস্টে ৬৯ উইকেট নেওয়া অ্যাটকিনসন।