Published : 14 Sep 2026, 09:18 PM
ভারতের একাদশ নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মোহাম্মাদ কাইফ। জিম্বাবুয়ে সফরে ভালো করার পরও বৈভাব সুরিয়াভানশিকে বাদ দিয়ে কেন সাঞ্জু স্যামসকে সুযোগ দেওয়া হয়েছে, বুঝতে পারছেন না দেশটির সাবেক এই ব্যাটসম্যান।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্যামসনকে খেলায় ভারত। এই ম্যাচ দিয়ে জুলাইয়ের পর ভারতের জার্সিতে মাঠে নেমে ভালো কিছু করতে পারেননি তিনি। ইনিংস শুরু করতে নেমে ২ চারে ১০ রান নিয়ে ফেরেন এই কিপার-ব্যাটসম্যান।
আভিশেক শার্মার ৭ ছক্কা ও ২ চারে ৩২ বলে ৮২ রানের ইনিংসে ৭ উইকেটের জয় তুলে নেয় ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করার পর থেকে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন স্যামসন। গত জুনে আয়ারল্যান্ড সিরিজে দুই ম্যাচের একটিতেও দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি তিনি, করেন ৫ ও ০। পরে ইংল্যান্ডে দুই ম্যাচে করেন ১ ও ২৭ রান।
এরপর জিম্বাবুয়ে সফরে তাকে বাদ দেয় ভারত। ওই সিরিজে ভালো করেন সুরিয়াভানশি। তিন ম্যাচে তার ব্যাট থেকে আসে ৫০, ২০ ও ৮১ রান। এরপর দুলিপ ট্রফিতে খেলেন ১৫ বছর বয়সী এই ব্যাটসম্যান। সেখানে সেমি-ফাইনালে ৯২ ও ৪০ রান করেন তিনি। ফাইনালে প্রথম ইনিংসে করেন ৪৪।
ইংল্যান্ড সফরের পর থেকে আর কোনো ক্রিকেট খেলেননি স্যামসন। কিন্তু তবুও ছন্দে থাকা সুরিয়াভানশিকে বাইরে রেখে তাকে সুযোগ দেওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না কাইফ। ক্রিকবাজে আলোচনায় এটা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
“সাঞ্জু মাঝের সময়ে কী করেছে যে আজ সুযোগ পেয়েছে? সাধারণত, কাউকে বাদ দেওয়া হলে সে বিভিন্ন জায়গায় খেলে আবার ছন্দে ফেরে। কিন্তু সাঞ্জুর ক্ষেত্রে তেমন কিছুই হয়নি। তাহলে তাকে কেন সুযোগ দেওয়া হলো? এটা বড় প্রশ্ন। জিম্বাবুয়ের বিপক্ষে বৈভাব রান করার পরও একই কম্বিনেশন কেন ধরে রাখা হলো না, সেটাও আরেকটি প্রশ্ন।”
কাইফের মতে, ওপেনিংয়ে এখনও সঠিক কম্বিনেশন নিয়ে দ্বিধায় আছে ভারত।
“আমার মনে হয়, তারা একটু দ্বিধায় আছে; সেরা ওপেনিং কম্বিনেশন কী হবে, তা নিয়ে তারা নিশ্চিত নয়। ভারতীয় দল এখনো সেটি নিয়ে ভাবছে। বৈভাব নিশ্চয়ই ভাবছে, ‘আমি কী ভুল করেছি?’ ফলে এখানে যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি চলছে, তাতে কোনো সন্দেহ নেই।”
দ্বিতীয় টি-টোয়েন্টিতে সোমবার আফগানদের মুখোমুখি হবে ভারত।