সেদিন ১ রান করতে না পারা পোড়াচ্ছিল স্মিথকে
৯ হাজার ৯৯৯ রানে আউট হয়ে খারাপ লাগছিল অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যানের।
অসাধারণ এক মাইলফলক থেকে স্রেফ এক রান দূরে ছিলেন স্টিভেন স্মিথ। কীর্তিটি হাতের নাগালে থাকতেই বেজে যায় তার বিদায়ঘণ্টা। কাঙ্ক্ষিত ঠিকানায় অল্পের জন্য পা রাখতে না পারার আক্ষেপ তখন পোড়াচ্ছিল তাকে। পরে অবশ্য নিজেকে সামলে নেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান। সুযোগ যে এখনও শেষ হয়ে যায়নি।
টেস্ট ক্যারিয়ারে ১০ হাজার রানের মাইলফলক ঘরের মাঠ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ছোঁয়ার সুযোগ পেয়েছিলেন স্মিথ। ঘরের ছেলের দারুণ অর্জনের জন্য অভিনন্দন জানাতে প্রস্তুত ছিল পুরো গ্যালারি। কিন্তু সবাইকেই হতাশ করেন ডানহাতি এই ব্যাটসম্যান।
ভারতের বিপক্ষে সেদিন ৯ হাজার ৯৯৯ রান নিয়ে ড্রেসিং রুমে ফেরেন স্মিথ। প্রাসিধ কৃষ্ণার লেংথ থেকে আচমকা লাফিয়ে ওঠা বলে গালিতে ধরা পড়েন তিনি। আউট হয়ে কিছুক্ষণ ক্রিজেই দাঁড়িয়ে ছিলেন স্মিথ।
ঠিক ৯ হাজার ৯৯৯ রানে কোনো টেস্ট শেষ করা ব্যাটসম্যান আগে ছিলেন একজনই। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই অভিজ্ঞতা হয়েছিল মাহেলা জায়াওয়ার্দেনের।
১০ হাজার থেকে ৩৮ রান পেছনে থেকে ভারতের বিপক্ষে সিডনি টেস্ট শুরু করেছিলেন স্মিথ। আগের দুই টেস্টে দুটি সেঞ্চুরি করা ব্যাটসম্যান প্রথম ইনিংসে দারুণ শুরু করেও আউট হয়ে যান ৩৩ রানে। মাইলফলক ছুঁতে দ্বিতীয় ইনিংসে প্রয়োজন ছিল কেবল ৫ রানের। কিন্তু তার ইনিংস শেষ ৪ রানে।
মাইলফলকটি স্পর্শ করতে এই মাসের শেষে শ্রীলঙ্কা সিরিজ পর্যন্ত অপেক্ষা করতে হবে স্মিথকে। সব ঠিক থাকলে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান করা পঞ্চদশ ব্যাটসম্যান হবেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত এই সীমানা পেরিয়েছেন কেবল তিনজন-রিকি পন্টিং, অ্যালান বোর্ডার ও স্টিভ ওয়াহ।
প্যাট কামিন্সের অনুপস্থিতিতে শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্মিথ। সিরিজটি নিয়ে সিডনি মর্নিং হেরাল্ডের সঙ্গে আলাপকালে ওঠে ৯ হাজার ৯৯৯ রানে আউট হওয়ার প্রসঙ্গ। স্মিথ বলেন, ওই সময় খুবই খারাপ লেগেছিল তার। তবে শ্রীলঙ্কায় প্রথম সুযোগেই মাইলফলক ছোঁয়ার আশায় আছেন তিনি।
“একটি রান। ওই সময় কিছুটা খারাপ লেগেছিল। এখানে আমার ঘরের মাঠে সব বন্ধু ও পরিবারের সামনে এটা (মাইলফলক ছোঁয়া) করতে পারলে ভালো লাগত। তবে আশা করি, গলে (শ্রীলঙ্কায়, প্রথম টেস্ট) প্রথমেই মাইলফলকটি স্পর্শ করতে পারব।”
“সম্ভবত পুরো ম্যাচে এটা নিয়ে বেশিই রোমাঞ্চিত ছিলাম। দারুণ একটা মাইলফলক।”
টেস্টে সাত হাজার ও আট হাজার রানে স্মিথ ছিলেন ইতিহাসের দ্রুততম, ৯ হাজারে ছিলেন দ্বিতীয় দ্রুততম। ১০ হাজার ছোঁয়ায় তৃতীয় দ্রুততম হওয়ার সুযোগ আছে ২০৪ ইনিংস খেলে ফেলা ব্যাটসম্যানের।
১৯৫ ইনিংসে ১০ হাজারে পা রেখে রেকর্ডটি যৌথভাবে ব্রায়ান লারা, সাচিন টেন্ডুলকার ও কুমার সাঙ্গাকারার। রিকি পন্টিং করেছেন ১৯৬ ইনিংসে। ২০৬ ইনিংসে ছুঁয়েছেন রাহুল দ্রাবিড়।
