Published : 23 Mar 2026, 06:43 PM
সাফল্যের একটি মানদণ্ডে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের সেরা অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে ভারতকে নেতৃত্ব দিয়ে তিনি পেয়ে গেছেন অমরত্ব। অথচ তিনি ফ্র্যাঞ্চাইজি দলের অধিনায়ক নন। মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য ব্যাপারটিকে উদ্বেগের বলেই মনে করেন রাভিচান্দ্রান অশ্বিন। ভারতের সাবেক স্পিনারের মতে, জাতীয় দলের অধিনায়কেরই মুম্বাইয়ের নেতৃত্বে থাকা উচিত।
আইপিএলে মুম্বাইয়ের অধিনাক হার্দিক পান্ডিয়া। এবার নিয়ে তৃতীয় মৌসুম দলকে নেতৃত্ব দেবেন এই অলরাউন্ডার।
তার নেতৃত্বের অধ্যায়ের প্রথম ভাগ ছিল খুবই ঝঞ্ঝা-বিক্ষুব্ধ। রোহিত শার্মার জায়গায় তাকে নেতৃত্বে আনাটা মানতে পারেনি মুম্বাই সমর্থকদের বড় একটি অংশ।
আইপিএলের যৌথভাবে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই সবকটি ট্রফিই জয় করে রোহিতের নেতৃত্বে। তবে ২০২৯ সালের পর টানা তিন আসরে শিরোপা জিততে না পেরে অধিনায়কত্বে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজিটি। ততদিনে গুজরাট টাইটান্সের হয়ে টানা দুই মৌসুমে দারুণ অধিনায়কত্ব করেছেন পান্ডিয়া। ২০২৪ আসরের আগে তোলপাড় ফেলে দেওয়া দলবদলে গুজরাট থেকে এই অলরাউন্ডারকে দলে এনে অধিনায়কত্ব দেয় মুম্বাই।
কিন্তু সমর্থকদের অনেকের হৃদয়জুড়ে ছিলেন রোহিত। ঘরের মাঠে নিয়মিত দুয়ো শুনতে হয় পান্ডিয়াকে। তার নিজের পারফরম্যান্স ভালো হয়নি, ভালো করেনি দলও। সেবার প্লে-অফে উঠতে ব্যর্থ হয় দল।

সেবার ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে অবদান রেখে পান্ডিয়া আবার সমর্থকদের মনে জায়গা ফিরে পান। পরে আইপিএলের গত মৌসুমে কমে যায় অস্থিরতা। পান্ডিয়ার নেতৃত্বে প্লে-অফে খেলে মুম্বাই। এবার তিনিই দলের অধিনায়ক।
তবে গত দুই বছরে জাতীয় দলের নেতৃত্বে অসাধারণ পথচলায় ছুটছেন সুরিয়াকুমার। তার নেতৃত্বে কোনো সিরিজ হারেনি ভারত। অন্তত ৫০ ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে টি-টোয়েন্টি ইতিহাসে জয়ের হার সবচেয়ে বেশি তারই। এবারের বিশ্বকাপ জিতে সেই সাফল্যযাত্রা পেয়েছে পূর্ণতা।
এমন একজনকে কেন ফ্র্যাঞ্চাইজি দলের নেতৃত্বে আনা হবে না, বুঝতে পারছেন না অশ্বিন। গত আইপিএলে ব্যাট হাতেও অসাধারণ পারফর্ম করে টুর্নামেন্ট-সেরা হন সুরিয়াকুমার। তাকেই অধিনায়ক করা উচিত, নিজের ইউটিউব চ্যানেলে বললেন অশ্বিন।
“সুরিয়াকুমার ইয়াদাভকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক না করাটা সহজবোধ্য নয়। অবশ্যই তাকে অধিনায়ক করা উচিত। সেটা যে হচ্ছে না, তা কিছুটা উদ্বেগের ব্যাপার।”
পান্ডিয়াও যে অধিনায়ক হিসেবে যথেষ্ট যোগ্য, সেটিও তুলে ধরলেন অশ্বিন। তবে সব বাস্তবতা বিবেচনায় তিনি এগিয়ে রাখছেন সুরিয়াকুমারকে।
“হার্দিকের নেতৃত্বে যোগ্যতাও বিবেচনায় নেওয়া উচিত আমাদের। গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়া প্রথম মৌসুমেই শিরোপা জিতেছিলেন এবং দ্বিতীয় মৌসুমে দলটি রানার্স-আপ হয়েছিল। মুম্বাইয়ে আসার পর প্রত্যাশা ছিল যে, অধিনায়ক হয়ে সেই ধারা অব্যাহত রাখবে। তবে, তার প্রথম বছরটা শুধু রোহিত শর্মার ঘটনা সামলাতেই কেটেছে।”
“এখন তাকে এসব কথার মোকাবিলা করতে হচ্ছে যে, সুরিয়াকুমার ভারতীয় দলের বর্তমান অধিনায়ক, অথচ হার্দিক মুম্বাইয়ের অধিনায়ক। এটা খুবই কঠিন একটা পরিস্থিতি; তার মাথায় অনেক কিছুই ঘুরতে পারে। কিন্তু আমি মনে করি না যে, অধিনায়ক হিসেবে পান্ডিয়ার যোগ্যতার অভাব আছে। তার সেই সামর্থ্য অবশ্যই আছে। গুজরাট টাইটান্সের অধিনায়কত্বে তিনি দারুণ কাজ করেছেন।”