আইপিএল
Published : 11 Apr 2026, 09:51 PM
নতুন ঠিকানায় যোগ দিয়ে মানিয়ে নিতে ভুগছিলেন সাঞ্জু স্যামসন। চেন্নাই সুপার কিংসের জার্সিতে প্রথম তিন ম্যাচে দুই অঙ্কই ছুঁতে পারেননি তিনি। ব্যর্থতার সেই জাল ছিঁড়ে এবার বেরিয়ে এলেন ভারতীয় ব্যাটসম্যান। চমৎকার ব্যাটিংয়ে উপহার দিলেন সেঞ্চুরি।
চেন্নাইয়ে শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ইনিংস শুরু করতে নেমে শেষ পর্যন্ত খেলেন স্যামসন। চারটি ছক্কা ও ১৫টি চারে ৫৬ বলে ১১৫ রান করেন এই কিপার-ব্যাটসম্যান।
আলোচনার ঝড় তুলে রাজস্থান রয়্যাল থেকে চেন্নাইয়ে যোগ দেন স্যামসন। গত নভেম্বরে ট্রেড উইন্ডোতে রাভিন্দ্রা জাদেজা ও স্যাম কারানকে রাজস্থানে দিয়ে ১৮ কোটি রুপিতে তাকে দলে নেয় চেন্নাই। আইপিএল ইতিহাসের সবচেয়ে আলোচিত দলবদলগুলোর একটি এটি।
এরপর গত ফেব্রুয়ারি-মার্চের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিকে দুই ম্যাচ খেলে তেমন কিছু করতে পারেননি স্যামসন। শেষ তিন ম্যাচে এসে নিজের জাত চেনান তিনি। ওয়েস্ট ইন্ডিজের কোয়ার্টার-ফাইনালে রূপ নেওয়া সুপার এইটের ম্যাচে অপরাজিত ৯৭ রানের ইনিংস দিয়ে শুরু। এরপর সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮৯ ও ফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।
ভারতের শিরোপা জয়ের নায়কদের একজন ছিলেন স্যামসন। বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। অনুমিতভাবেই জায়গা পান বিশ্বকাপের সেরা একাদশেও। তাকে ঘিরে তাই চেন্নাই সমর্থকদের প্রত্যাশাও অনেক বেশি। কিন্তু প্রথম তিন ম্যাচে সেই প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেননি তিনি। করতে পারেন কেবল ২২ রান।
তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় নিলেন না স্যামসন। দিল্লির বোলারদের গুঁড়িয়ে উপহার দিলেন আইপিএলে তার চতুর্থ সেঞ্চুরি, আর এবারের আসরের প্রথম শতক। সঙ্গে কাটালেন এই টুর্নামেন্টে নিজের পাঁচ বছরের সেঞ্চুরি খরা। ২০২১ সালে পাঞ্জাব কিংসের বিপক্ষে সবশেষ আইপিএল সেঞ্চুরি করেছিলেন তিনি।
আইপিএলে স্যামসনের প্রথম সেঞ্চুরি ছিল ২০১৭ সালে, দিল্লির হয়ে রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে। দুই বছর পর রাজস্থানের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পান তিনি।
আইপিএলে তিনটি ভিন্ন ফ্যাঞ্চাইজির হয়ে সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটসম্যান স্যামসন। লোকেশ রাহুল পাঞ্জাব কিংস, লাক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালসের জার্সিতে শতক উপহার দিয়েছিলেন।
এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে এদিন ম্যাচের প্রথম বলে তিন রান নেন স্যামসন। দুই বল পর মারেন ম্যাচের প্রথম বাউন্ডারি। পরের ওভারে মুকেশ কুমারকে টানা দুটি চার মেরে যেন ছন্দ খুঁজে পান স্যামসন। এরপর কেবল ছুটতে থাকেন তিনি।
পাওয়ার প্লেতে ১৯ বল খেলে নয়টি চারে ৪৫ রান করেন স্যামসন। সপ্তম ওভারে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াডকে হারায় চেন্নাই। আয়ুশ মাত্রেকে নিয়ে রানের চাকা সচল রাখেন স্যামসন।
নবম ওভারের প্রথম বলে চার মেরে ফিফটি স্পর্শ করেন স্যামসন, ২৬ বলে। পঞ্চাশ থেকে একশতে যেতে তার লাগে ২৫ বল। ১৮তম ওভারে থাঙ্গারাসু নাটারাজানের বলে চার মেরে ৫১ বলে কাঙ্ক্ষিত সেঞ্চুরিতে পা রাখেন তিনি। পরের বলেই বাউন্ডারি মারেন আরেকটি।
স্যামসনের সেঞ্চুরি ও মাত্রের ৫৯ রানের ইনিংসে ২১২ রান করে চেন্নাই।