১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পান্ডিয়াকে নেতৃত্ব থেকে সরিয়ে দিতে বললেন ভারতের সাবেক ব্যাটসম্যান

মনোজ তিওয়ারির মতে, হার্দিক পান্ডিয়ার জায়গায় রোহিত শার্মাকে নেতৃত্বভার দেওয়া উচিত মুম্বাই ইন্ডিয়ান্সের।

পান্ডিয়াকে নেতৃত্ব থেকে সরিয়ে দিতে বললেন ভারতের সাবেক ব্যাটসম্যান
হার্দিক পান্ডিয়া। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2026, 06:07 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। কোনো কিছুতেই মিলছে না সাফল্য। টানা চার ম্যাচে পরাজিত দলের নেতৃত্বে বদল আনার প্রয়োজন দেখছেন মনোজ তিওয়ারি। ভারতের সাবেক ব্যাটসম্যানের মতে, হার্দিক পান্ডিয়াকে সরিয়ে দলের সফলতম অধিনায়ক রোহিত শার্মাকে নেতৃত্বে ফেরানো উচিত পাঁচবারের চ্যাম্পিয়নদের।

রোহিতের নেতৃত্বেই আইপিএলের রেকর্ড পাঁচটি শিরোপা জেতে মুম্বাই। কিন্তু ২০২০ সালের পর কোনো ট্রফি জিততে পারেনি তারা। ২০২৪ আসরের আগে তোলপাড় ফেলে দেওয়া দলবদলে গুজরাট টাইটান্স থেকে পান্ডিয়াকে দলে এনে অধিনায়ক করে তারা।

কিন্তু তাতে লাভ হয়নি একটুও। ২০২৪ আসরে প্লে-অফই খেলতে পারেনি মুম্বাই। এতে পান্ডিয়ার ওপর বাড়তে থাকে চাপ। গত আসরে মুম্বাই প্লে-অফে উঠলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন পান্ডিয়া। তবে, দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের বিপক্ষে হেরে বাজে তাদের বিদায় ঘণ্টা।

কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে এবারের আসরের শুরুটা ভালোই করেছিল মুম্বাই। কিন্তু এরপর ব্যর্থতার জালে আটকে পড়ে তারা। দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পর, বৃহস্পতিবার তারা হারে পাঞ্জাব কিংসের বিপক্ষে।

একের পর এক হারে পান্ডিয়ার নেতৃত্ব নিয়ে উঠছে প্রশ্ন। ক্রিকবাজে আলাপকাপে মনোজ বলেন, নেতৃত্ব পরিবর্তন আনার সময় এসেছে মুম্বাইয়ের।

“তারা যদি সমাধান (ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে) চায়, তাহলে অধিনায়কত্ব থেকে হার্দিক পান্ডিয়ার বিরতি নেওয়া উচিত এবং রোহিত শার্মাকে ওই দায়িত্ব দেওয়া উচিত। যখন রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, সেটা ন্যায্য ছিল না। প্রত্যাশা ছিল হার্দিক পান্ডিয়া তাদেরকে একটি ট্রফি এনে দেবে, কিন্তু পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, মনে হয় না সে এটা করতে পারবে।”

১০ দলের আসরে নবম স্থানে আছে মুম্বাই। তাদের পরের ম্যাচ আগামী সোমবার, প্রতিপক্ষ গুজরাট টাইটান্স।