২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ঘণ্টা ব্যাটিং করে ৭৪ বছর পুরোনো রেকর্ড ভেঙে গর্বিত হাসিব হামিদ

ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে নাম লেখালেন ইংলিশ ব্যাটসম্যান।

১০ ঘণ্টা ব্যাটিং করে ৭৪ বছর পুরোনো রেকর্ড ভেঙে গর্বিত হাসিব হামিদ
ইনিংস শুরু করতে নেমে শেষ পর্যন্ত ব্যাট করে ২৪৭ রানে অপরাজিত থেকে যান হাসিব হামিদ। ছবি: নটিংহ্যামশায়ার এক্স পাতা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2024, 04:26 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

এই মৌসুমে প্রথমবারের মতো নটিংহ্যামশায়ারের লাল বলের অধিনায়কত্ব পেয়ে ব্যাট হাতে সময়টা ভালো কাটছিল না হাসিব হামিদের। কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম চার ম্যাচে একবারও ছুঁতে পারেননি পঞ্চাশ। অবশেষে তার ব্যাট থেকে এলো বড় ইনিংস। ম্যারাথন ব্যাটিংয়ে গড়লেন ‘ক্যারিং দা ব্যাট থ্রু আউট আ কমপ্লিটেড ইনিংস’-এর কীর্তি। ভেঙে দিলেন ৭৪ বছর পুরোনো এক রেকর্ড।

ট্রেন্ট ব্রিজে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচের তৃতীয় দিন রোববার প্রথম ইনিংসে ৫০৩ রানে অল আউট হয়ে ১৭২ রানের লিড পায় নটিংহ্যামশায়ার। ইনিংস শুরু করতে নেমে শেষ পর্যন্ত ব্যাট করে ক্যারিয়ার সেরা ২৪৭ রানে অপরাজিত থেকে যান হামিদ। ১০ ঘন্টা ২১ মিনিট ক্রিজে কাটিয়ে ৪৫৯ বলে ২৫ চারে ইনিংসটি সাজান ২৭ বছর বয়সী ব্যাটসম্যান।

কাউন্টির প্রথম শ্রেণির ক্রিকেটে ‘ক্যারিং দা ব্যাট থ্রু আউট আ কমপ্লিটেড ইনিংস’-এ নটিংহ্যামশায়ারের কোনো ক্রিকেটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি। হামিদ ছাড়িয়ে গেছেন চার্লি হ্যারিসকে। ১৯৫০ সালে ট্রেন্ট ব্রিজেই হ্যাম্পশায়ারের বিপক্ষে ইনিংস শুরু করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২৩৯ রানের ইনিংস খেলেছিলেন হ্যারিস। 

দ্বিতীয় দিন শেষে ১৩৭ রানে অপরাজিত ছিলেন হামিদ। তৃতীয় দিন লোয়ার অর্ডারে অন্য পাশে ফাস্ট বোলার অলি স্টোন্সের থেকে ভালো সঙ্গ পান তিনি। দুজনের অষ্টম উইকেট জুটিতে আসে ১৬৩ রান। এই দুই দলের মধ্যে ম্যাচে অষ্টম উইকেটে যা রেকর্ড। 

প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের আগের ৪৭ ম্যাচে স্রেফ একবার পঞ্চাশ ছুঁতে পারা স্টোন্স এবার খেলেন ১৬২ বলে ৯০ রানের ক্যারিয়ার সেরা ইনিংস।   

ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির পাশাপাশি এত বছরের রেকর্ড ভেঙে দেওয়ায় উচ্ছ্বসিত ইংল্যান্ডের হয়ে ১০টি টেস্ট খেলা হামিদ। 

“এখন আমাকে বলার আগ পর্যন্ত এই রেকর্ড সম্পর্কে আমি জানতাম না। এটি এমন কিছু, যখন আমি পেছনে ফিরে তাকাব, এই অর্জনের জন্য গর্বিত হব। ৭৪ বছর ধরে অক্ষত থাকা একটি রেকর্ড ভাঙা আনন্দদায়ক। প্রথম শ্রেণিতে এটি আমার প্রথম ডাবল সেঞ্চুরি, তাই দারুণ ব্যাপার।”

এই ইনিংসের আগে আসরে চার ম্যাচের ৮ ইনিংস মিলিয়ে হামিদের রান ছিল মাত্র ১৫৮। সর্বোচ্চ ইনিংস ছিল অপরাজিত ৪১। এখন ৯ ইনিংসে তার রান হয়ে গেছে ৪০৫।