ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে ম্যাট হেনরি
টেস্ট বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা কাগিসো রাবাদার কাঁধে নিঃশ্বাস ফেলছেন নিউ জিল্যান্ড পেসার।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বল হাতে আলো ছড়িয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ম্যাট হেনরি। এই সংস্করণের বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন নিউ জিল্যান্ডের পেসার।
যথারীতি বুধবার ঘোষিত পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে টেস্ট বোলারদের মধ্যে একধাপ এগিয়েছেন হেনরি। তার রেটিং পয়েন্ট এখন ৮৪৬। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা (৮৫১) থেকে যা স্রেফ ৫ পয়েন্ট কম। ৮৮৯ পয়েন্ট নিয়ে আগের মতোই শীর্ষে ভারতের জাসপ্রিত বুমরাহ।
বুলাওয়ায়োতে প্রথম টেস্টে জয়ের পথে ৯ উইকেট নিয়ে প্রথমবারের মতো ৮০০ রেটিং পয়েন্ট স্পর্শ করেন হেনরি। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে পাঁচটিসহ মোট ৭ উইকেট নেন তিনি। ম্যাচটি ইনিংস ও ৩৫৯ রানে জেতে কিউইরা। সিরিজে সেরার পুরস্কার ওঠে ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারের হাতে।
অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটসহ মোট ৯ উইকেট নেওয়া কিউই পেসার জ্যাকারি ফোকস ৬১তম স্থানে।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দেড়শ ছোঁয়া ইনিংস খেলেন নিউ জিল্যান্ডের রাচিন রাভিন্দ্রা (১৬৫), ডেভন কনওয়ে (১৫৩) ও হেনরি নিকোলস (১৫০*)। তিন জনেরই অগ্রগতি হয়েছে এই সংস্করণের ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে।
১৫ ধাপ এগিয়ে ২৩তম স্থানে উঠে এসেছেন রাভিন্দ্রা। কনওয়ের উন্নতি ৭ ধাপ, আছেন ৩৭ নম্বরে। আর ৬ ধাপ এগিয়ে নিকোলসের অবস্থান ৪৭তম। জিম্বাবুয়ের নিক ওয়েলচ ১১ ধাপ উন্নতি করে ৯৮ নম্বরে।
টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে প্রথম আগের মতো শীর্ষে ইংল্যান্ডের জো রুট। আর অলরাউন্ডারদের তালিকায় সবার ওপরে ভারতের রাভিন্দ্রা জাদেজা।
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ওয়ানডে সিরিজের পারফরম্যান্সও বিবেচনায় এসেছে র্যাঙ্কিংয়ের হালনাগাদে।
টানা দুই ম্যাচে ফিফটি করে টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের মধ্যে সেরা দশে ফিরেছেন অস্ট্রেলিয়া টিম ডেভিড। ৬ ধাপ এগিয়ে ঠিক ১০ নম্বরে আছেন তিনি। উন্নতি করেছেন তার সতীর্থ ক্যামেরন গ্রিন (৬ ধাপ এগিয়ে ২৩তম)।
দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড (১২৫*) গড়া ডেওয়াল্ড ব্রেভিস দিয়েছেন বড় লাফ। ৮০ ধাপ এগিয়ে তিনি এখন ক্যারিয়ার সেরা ২১তম স্থানে। তার সতীর্থ ট্রিস্টান স্টাবসের (২৭তম) উন্নতি ১২ ধাপ।
টি-টোয়েন্টির শীর্ষ ব্যাটসম্যান ভারতের আভিশেক শার্মা। বোলারদের মধ্যে সবার ওপরে নিউ জিল্যান্ডের জ্যাকব ডাফি। অলরাউন্ডারদের তালিকায় চূড়ায় ভারতের হার্দিক পান্ডিয়া।
ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস (৯ ধাপ এগিয়ে ৮২), পাকিস্তানের আবদুল্লাহ শাফিকের (৭ ধাপ এগিয়ে ৯০তম)। এই সংস্করণের এক নম্বর ব্যাটসম্যান ভারতের শুবমান গিল।
বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ক্যারিবিয়ান স্পিনার গুডাকেশ মোটি (৫ ধাপ এগিয়ে ১২তম) ও পেসার জেডেন সিলস (২৪ ধাপ এগিয়ে ৩৩তম) এবং পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ (৩ ধাপ এগিয়ে ৫৪তম)। আগের মতোই শীর্ষ বোলার শ্রীলঙ্কার মাহিশ থিকশানা।
ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই।
