৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ছেলেদের বিপক্ষে ম্যাচ খেলে পাকিস্তানের মেয়েদের এশিয়া কাপ প্রস্তুতি

ম্যাচ পরিস্থিতি তৈরি করে নয়, যথাযথ টি-টোয়েন্টি ম্যাচ খেলেই প্রস্তুতি নিয়েছে ফাতিমা সানার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 10:12 AM

Updated : 16 Sep 2026, 01:00 PM

উইমেন’স এশিয়া কাপে ব্যর্থতার জাল ছিঁড়ে বেরিয়ে আসতে এবার প্রস্তুতিতে কমতি রাখেনি পাকিস্তান। সেই প্রচেষ্টার অংশ হিসেবে প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা ছেলেদের সঙ্গে। স্রেফ ম্যাচ পরিস্থিতি তৈরি করা বা ম্যাচের মতো করে খেলা নয়, একদম যথাযথ টি-টোয়েন্টি ম্যাচ খেলেই প্রস্তুতি নিয়েছে ফাতিমা সানার দল।

এশিয়া কাপের ৯ আসরে একবারও শিরোপার স্বাদ পায়নি পাকিস্তান। ফাইনালে খেলতে পেরেছে তারা দুবার। সবশেষটি সেই ২০১৬ সালে। গত আসরে সেমি-ফাইনালে তারা হেরে যায় শ্রীলঙ্কার কাছে।

টি-টোয়েন্টিতে তাদের সাম্প্রতিক পারফরম্যান্সও হতাশাজনক। এই মাসের শুরুতে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজ হেরেছে তারা। গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে হেরেছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচসহ চারটিতেই। একমাত্র জয়টি ছিল দুর্বল নেদারল্যান্ডসের বিপক্ষে। সব মিলিয়ে সবশেষ ১১ টি-টোয়েন্টিতে তাদের জয় স্রেফ দুটি।

টি-টোয়েন্টিতে পাকিস্তানের সাম্প্রতিক পতনের কারণ হিসেবে সূক্ষ্ম বিষয়ে মনোযোগের অভাব এবং চাপের মুহূর্তে নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারাকে দায়ী করা হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে সুযোগ নষ্ট করার জন্য পাকিস্তান সমালোচিত হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের দুর্বল ফিল্ডিং প্রকাশ্য হয়েছে এবং শক্তিশালী দলের বিপক্ষে দিশেহারা হয়ে পড়ার প্রবণতাও ফুটে উঠেছে।

এশিয়া কাপের প্রস্তুতি পর্বে জাতীয় ক্রিকেট একাডেমিতে সেসব নিয়ে কাজ করেছে দলটি। সেটির অংশ হিসেবেই বিখ্যাত আব্দুল কাদির ক্রিকেট একাডেমির ছেলেদের বিপক্ষে ম্যাচ খেলেছেন তারা। যেখানে খেলেছে একাডেমির উঠতি ক্রিকেটার ও একটু বেশি বয়সী ক্রিকেটাররা।

পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানার বিশ্বাস, এই প্রস্তুতি ম্যাচগুলি তাদের জন্য মূল আসরে দারুণ সহায়ক হবে। 

“টুর্নামেন্টের জন্য আমরা ভালোভাবে প্রস্তুত। আমরা ছেলেদের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছি, যেখানে আমরা চাপের মধ্যে ছিলাম। এই শিক্ষাগুলো আমাদের প্রতিযোগিতার চ্যালেঞ্জগুলোর সাথে মানিয়ে নিতে সাহায্য করবে।

চাপ আরও ভালোভাবে সামলানোর কৌশল আমাদের বোঝা দরকার এবং বড় কোনো টুর্নামেন্ট হলেই এই বিষয়টি বিশেষভাবে চোখে পড়ে। এই (প্রস্তুতি) ম্যাচগুলো আমাদেরকে সেদিক থেকে সাহায্য করবে এবং পার্থক্যটা চোখে পড়ার মতো হবে… চাপের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে শান্ত থাকাটা খুব জরুরি। আমরা মেয়েদের বলেছি কঠিন মুহূর্তে শান্ত থাকতে এবং নিজেদের কঠোর পরিশ্রম ও পরিকল্পনা বাস্তবায়নের ওপর আস্থা রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।”

দুবাইয়ে এবারের এশিয়া কাপ শুরু শুক্রবার। পাকিস্তান যথারীতি আছে ভারতের গ্রুপে। ‘এ’ গ্রুপে তাদের অন্য দু্ই সঙ্গী থাইল্যান্ড ও হংকং।