এক নম্বর ব্যাটসম্যানকে শুরুতে এক রান নিতে বললেন গাভাস্কার
আইসিসি র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান আভিশেক শার্মা টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই ম্যাচে আউট হয়েছেন শূন্য রানে।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান হাপিত্যেশ করছেন একটি রানের জন্য! টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই ম্যাচ খেলেও রানের দেখা পাননি আভিশেক শার্মা। তবু তিনি ভালো ফর্মে আছেন বলেই মনে করেন সুনিল গাভস্কার। ভারতের বিধ্বংসী ওপেনারের জন্য কিংবদন্তি ওপেনারের পরামর্শ, পরের ম্যাচে দ্রুত একটি সিঙ্গল নেওয়া এবং এরপর নির্ভার হয়ে এগিয়ে যাওয়া।
বিশ্বকাপ অভিষেকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম বলেই ছক্কার চেষ্টায় সীমানায় ধরা পড়েন আভিশেক। ভারতের পরের ম্যাচে তিনি খেলতে পারেননি পেটের সমস্যায়। এরপর পাকিস্তানের বিপক্ষে মাঠে ফিরে আউট হন চার বলে শূন্য রান করে।
গত দেড় বছরে অসাধারণ পারফরম্যান্সের পথ ধরে এখনও তিনি র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান। তবে গত কয়েকটি ম্যাচে তার পারফরম্যান্সের ওঠানামাও চোখে পড়ার মতো। বিশ্বকাপের ঠিক আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজে এক ইনিংসে ৩৫ বলে ৮৪ করেছেন, আরেক ম্যাচে ২০ বলে ৬৮। আবার দুটি ম্যাচে আউট হয়েছেন প্রথম বলেই। সবশেষ ছয় ইনিংসের চারটিতেই তিনি শূন্যতে ফিরেছেন, এর তিনটিই গোল্ডেন ডাক।
গাভাস্কার যদিও দুর্ভাবনার কিছু দেখছেন না। বরং আভিশেক ছন্দে আছেন বলেই মনে করেন তিনি। স্পোর্টস টুডেকে ভারতের সাবেক অধিনায়ক বললেন, স্রেফ প্রথম রানটি নিশ্চিত করতে হবে ২৫ বছর বয়সী ব্যাটসম্যানকে।
“আভিশেক শার্মার জন্য আমরা অযাচিত পরামর্শ, ‘প্রথমে একটি সিঙ্গল নাও। ব্যস! এরপর চালিয়ে খেলতে পারো। তবে শুরুতে এক রান নাও।’ দ্রুত একটি সিঙ্গল নিতে হবে, যেখানে পা চলবে দ্রুত, এরপরে এগিয়ে যাওয়া যাবে।”
“এটা একেকজনের আত্মবিশ্বাসের ব্যাপার। সে নিউ জিল্যান্ডের সঙ্গে শতরান করেছে (৮৪ রান)। সে ফর্মে আছে এবং ভালো ছন্দে আছে এবং সেটাকেই কাজে লাগানোর চেষ্টা করছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো সে ভালো ফর্মকে হালকাভাবে নিচ্ছে না। অনেক ব্যাটসম্যানই এমন করে এবং চালিয়ে খেলার চেষ্টা করে। কিন্তু একবার সেট হয়ে গেলে ডানা মেলে দেওয়া যায়, আমরা ঠিক এটাই তার কাছ থেকে দেখেছি।"
আভিশেকের জন্য সেটি করার সুযোগ বুধবারই। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আহমেদাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে ভারত।
