১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পরের বিশ্বকাপেও খেলতে চান স্টার্ক

আরও কয়েক বছর দেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছা থাকলেও, সবকিছু সময়ের হাতে ছেড়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা পেসার।

পরের বিশ্বকাপেও খেলতে চান স্টার্ক
অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2026, 09:46 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর কাটিয়ে দিয়েছেন মিচেল স্টার্ক। স্বাদ পেয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের। জিতেছেন টেস্টে চ্যাম্পিয়নশিপও। তবে এখনই থামার ইচ্ছা নেই তার। আরও কয়েক বছর দেশের প্রতিনিধিত্ব করতে চান অস্ট্রেলিয়ান তারকা পেসার।

২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের চতুর্দশ আসর। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলতে চান ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।

টেস্ট ও ওয়ানডে ক্যারিয়ার আরও দীর্ঘ করার ভাবনায় গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দেন স্টার্ক। চলতি বছরের শুরুতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই তাকে পায়নি অস্ট্রেলিয়া।

তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে যাচ্ছেন স্টার্ক। চলমান আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রতিনিধিত্ব করছেন তিনি। সেখানেই সাংবাদিকদের স্টার্ক বলেন, এখনও আগের মতোই প্রতিদ্বন্দ্বিতা করতে দারুণ লাগে তার।

“আমি লড়াকু স্বভাবের, তাই ক্রিকেটের এই দিকটি (প্রতিদ্বন্দ্বিতা) বেশ উপভোগ করি। অস্ট্রেলিয়ার হয়ে কাছের কয়েকজন বন্ধুর সঙ্গে খেলতে পারছি। কঠোর পরিশ্রম করার পাশাপাশি লড়াই করতেও আমি উপভোগ করি, এখনও মজা পাই।”

কনুই ও কাঁধের সমস্যায় এবারের আইপিএলের শুরু থেকে খেলতে পারেননি স্টার্ক। মে মাসের শুরুতে মাঠে ফেরেন তিনি। এখন পর্যন্ত আসরে তিনটি ম্যাচ খেলে তিনটি শিকার ধরতে পেরেছেন গতিময় বোলার।

শরীরে টুকটাক সমস্যা থাকলেও, এখনও আন্তর্জাতিক ক্রিকেটের চাপ নিতে নিজেকে প্রস্তুত মনে করেন স্টার্ক।

“(শরীরে) সবসময়ই কোনো না কোনো সমস্যা থাকে। কনুই ও কাঁধে কিছুটা অস্বস্তি আছে…তবে টি-টোয়েন্টি ক্রিকেটে সম্ভবত চাপটা একটু কম পড়ে।”

“১৬ বছর পর এখনও ঠিকঠাকই আছি। আশা করি, আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে পারব।”

২০১০ সালে আন্তর্জাতিক আঙিনায় পা রাখেন স্টার্ক। সময়ের সঙ্গে দলের বোলিং আক্রমণের মূল ভরসার একজন হয়ে ওঠেন তিনি। ২০১৫ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জয়ে বড় ভূমিকা ছিল তার। ২০২১ সালে দেশটির প্রথম ও একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়েও রাখেন অবদান।

দেশের হয়ে স্টার্ক সবশেষ খেলেছেন গত জানুয়ারিতে, অ্যাশেজে। ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারানো সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি।

আগামী বিশ্বকাপের সময় স্টার্কের বয়স হবে ৩৮ ছুঁইছুঁই। বৈশ্বিক আসরে খেলার ইচ্ছা থাকলেও, সবকিছু সময়ের হাতে ছেড়ে দিয়েছেন তিনি।

“সেটা (২০২৭ বিশ্বকাপ) এখনও অনেক দূরের পথ, তবে আশা করি সেখানে খেলতে পারব। প্রতিটি ক্রিকেটারের সবসময়ই লক্ষ্য থাকে বিশ্বকাপে খেলা।”

“আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরিয়ে দাঁড়িয়েছি, তবে এখনও আমার ক্রিকেট উপভোগ করছি। নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করি না, আমি স্রেফ শরীর কেমন সাড়া দিচ্ছে আর পারফরম্যান্স কেমন করছি, সেটা দেখি।”