Published : 28 May 2026, 08:06 PM
ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হয়েছে আগেই। এবার প্রথমবারের মতো উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি।
ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় বিশ্বকাপের ১৪ আম্পায়ারের মধ্যে জায়গা পেয়েছেন সাথিরা। তার মতো প্রথমবার এই আসরে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আরও তিন জন।
এই নিয়ে টানা তৃতীয়বারের মতো উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ রেফারি ও আম্পায়ারের দায়িত্ব পাওয়া সবাই নারী। উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে এমনটি প্রথমবার দেখা যায় ২০২৫ সালের আসরে।
ওই আসর দিয়ে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে দায়িত্ব পালন করেন সাথিরা। এবার আরেকটি প্রথমের সাক্ষী হতে যাচ্ছেন তিনি। গত বছর দেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটেও দায়িত্ব পালন করেন সাবেক এই অলরাউন্ডার। বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে টিভি আম্পায়ার ছিলেন তিনি।
৩৫ বছর বয়সী সাথিরা বাংলাদেশের নারী ক্রিকেটের শুরুর দিকের সেনানিদের একজন। তার আন্তর্জাতিক ক্যারিয়ার খুব দীর্ঘ হয়নি, খেলেছেন দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। তবে দেশের হয়ে খেলেছেন তিনি আরও নানা টুর্নামেন্টে।
ঘরোয়া ক্রিকেটে খেলার সময়ই তিনি কোচিং কোর্স করে কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করেন। ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটার, কোচ ও ক্লাব কর্মকর্তার ভূমিকাতেও দেখা গেছে তাকে।
পরে তিনি পা রাখেন আম্পায়ারিংয়ে। এখানে এগিয়ে যান দ্রুত পায়ে। ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিংয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ করে নেন দ্রুতই।
এখন পর্যন্ত ছেলেদের দুটি টি-টোয়েন্টির পাশাপাশি মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে মাঠের আম্পায়ার ও টিভি আম্পায়ার মিলিয়ে ১৬টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি পরিচালনা করেছেন সাথিরা।
এবারের বিশ্বকাপ শুরু হবে আগামী ১২ জুন। মোট ৩৩টি ম্যাচ পরিচালনার জন্য ১৪ জন আম্পায়ারের সঙ্গে ম্যাচ রেফারি রাখা হয়েছে চার জনকে। ২০২৪ আসরের ম্যাচ অফিসিয়াল প্যানেল থেকে ৯ জন আছেন এবারের আসরে।