আইপিএল
Published : 28 Mar 2026, 09:57 PM
আইপিএলের শুরুতে মিচেল স্টার্কের না খেলা নিয়ে ভারতীয় ক্রিকেটে চর্চা হচ্ছে প্রচুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ছড়ানো হচ্ছে নানা ধরনের ভুল তথ্য। যা একদমই ভালো লাগছে না তার। তাই আর চুপ থাকতে পারলেন না অস্ট্রেলিয়ান তারকা পেসার। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে দ্রুত যোগ দেওয়ার কথাও বললেন তিনি।
স্টার্কের মতো ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগের এবারের আসরের শুরুতে খেলবেন না তার দুই সতীর্থ প্যাট কামিন্স ও জশ হেইজেলউড। সানরাইজার্স হায়দরাবাদের কামিন্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হেইজেলউড চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন।
গণমাধ্যমের খবর ছিল, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে আইপিএলের শুরুতে স্টার্ককে খেলতে দিচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। আর এজন্যই তাকে নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
তবে ভিন্ন কথা বললেন স্টার্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে নিশ্চিত করলেন, কাঁধ ও কনুইয়ের সমস্যায় ভুগছেন তিনি। সেটি থেকে সেরে ওঠার পথে আছেন বাঁহাতি পেসার।
“ভারতীয় গণমাধ্যম ও কিছু ব্যক্তির প্ল্যাটফর্মে দেওয়া নানা মতামত ও দৃষ্টিভঙ্গির পরও জানাতে চাই, এখন আমি কাঁধ এবং কনুইয়ের চোট থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছি। অস্ট্রেলিয়ান গ্রীষ্মের সময় এই চোটের মাত্রা সম্পর্কে জানতাম না। ওই ব্যক্তিরা আইপিএলে আমার অংশগ্রহণ নিয়ে কিছু কড়া মন্তব্য করেছেন এবং খেলোয়াড়দের সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে সেগুলোকে সত্য হিসেবে প্রচার করেছেন; এমনকি তারা নাকি আমার শরীর সম্পর্কে আমার চেয়েও বেশি জানেন।”
“আমি স্বীকার করছি, এই চোট এবং এর সময়কাল দিল্লি দলের জন্য সমস্যা সৃষ্টি করেছে। এর জন্য দলের কাছে এবং এই মৌসুমের শুরুর দিকে থাকতে না পারার জন্য ভক্তদের কাছে ক্ষমা চাইছি। আমি দিল্লিতে যোগ দিতে প্রতিশ্রুতিবদ্ধ, নিয়মিত দলের সঙ্গে যোগাযোগ রাখছি এবং যত দ্রুত সম্ভব খেলার জন্য যা যা করা দরকার তা করে যাচ্ছি।”
আইপিএলের গত নিলামের আগে স্টার্ককে পৌনে ১২ কোটি রুপিতে ধরে রাখে দিল্লি। প্যাট কামিন্স ও জশ হেইজেলউডের অনুপস্থিতিতে ঘরের মাঠের অ্যাশেজের পাঁচটি টেস্টই খেলেন তিনি। ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারানো সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। পেশাদার ক্রিকেটে তার সবশেষ ম্যাচ বিগ ব্যাশে, গত জানুয়ারির শেষ দিকে।
সামনের ব্যস্ত সূচি ভাবনায় রেখেই পেসারদের নিয়ে সতর্ক পদক্ষেপ নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশেষ করে দলের সেরা তিন পেসার কামিন্স, স্টার্ক ও হেইজেলউডকে নিয়ে বেশি সতর্ক তারা।
আগামী অগাস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে শুরু করে পরের ১২ মাসের মধ্যে ২০টি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে টেস্ট হবে ২১টি। সেই ঠাসা সূচির জন্য পেসত্রয়ীকে ফিট রাখা বোর্ডের কাছে অগ্রাধিকার।
আইপিএলের শুরুতে না খেললেও দলের সঙ্গে যোগ দিয়েছেন কামিন্স ও হেইজেলউড। কিন্তু স্টার্ক এখনও পুনর্বাসন প্রক্রিয়া চালাচ্ছেন অস্ট্রেলিয়ায়। দলে যোগ না দেওয়া নিয়েও তাকে নানা কথা শুনছে হচ্ছে। সবকিছুর জবাব এবার দিয়েই দিলেন তিনি।
গত আইপিএলে পঞ্চম হওয়া দিল্লির এবারের মৌসুম শুরু হবে আগামী বুধবার লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে। দিল্লি দলে বিদেশি পেসার হিসেবে আছেন নিউ জিল্যান্ডের কাইল জেমিসন, দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি ও শ্রীলঙ্কার দুশমান্থা চামিরা। স্টার্কের অনুপস্থিতিতে তারা কেমন করেন, সেটা সময়ই বলবে। গত মৌসুমে ১১ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছিলেন স্টার্ক।