০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ইসরায়েল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে নিঃশর্ত ক্ষমা চাইল অস্ট্রিয়ান অ্যাসোসিয়েশন

ঘটনার পাঁচ মাসের বেশি সময় পর আইসিসির বিবৃতিতে জানানো হলো ক্ষমা চাওয়ার খবর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2024, 07:16 PM

Updated : 26 Aug 2026, 10:57 AM

ঘটনার পর পেরিয়ে গেছে পাঁচ মাসের বেশি সময়। ঘটনার বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে সেই ঘটনায় ইসরায়েল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে ক্ষমা চেয়েছে অস্ট্রিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপের আঞ্চলিক বাছাইপর্বের ম্যাচের আগের ঘটনা সেটি। গত ১০ জুন ইতালির রোমে হয়েছিল ম্যাচটি। 

মঙ্গলবার আইসিসির বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় ‘কেউ আঘাত পেয়ে থাকলে বা কোনো অপরাধ হয়ে থাকলে’ নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছে অস্ট্রিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন।

ঘটনার বিস্তারিত উল্লেখ করা হয়নি বিবৃতিতে। তবে ঘটনার পর অভিযুক্ত ক্রিকেটারের বিরুদ্ধে ‘দ্রুত ব্যবস্থা’ নিয়েছে অস্ট্রিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনে এবং আচরণবিধি অনুযায়ী তাকে শৃঙ্খলাভঙ্গের সাজা দেওয়া হয়েছে বলে জানানো হয়।

ঘটনার পর বৈষম্যবিরোধী ধারা অনুযায়ী, দুই পক্ষের মধ্যে সমঝোতার প্রক্রিয়া পরিচালনা করে আইসিসি এবং দুই অ্যাসোসিয়েশনের পারস্পরিক সমঝোতায় ব্যাপারটি সমাধান হয়ে গেছে বলেও জানানো হয়। সব পক্ষই একমত হয়েছে যে, ক্রিকেটে কোনো ধরনের বৈষম্যের কোনো সুযোগ নেই।

ওই ম্যাচে অধিনায়ক আকিব ইকবালের ৩৫ বলে ৫২ রানের অপরাজিত ইনিংসে ইসরায়েলকে ৭ উইকেটে হারিয়েছিল অস্ট্রিয়া।