বুমরাহকে অধিনায়কত্ব দিতে শাস্ত্রীর মানা
বাড়তি দায়িত্বে বোলার বুমরাহকে হারিয়ে ফেলার শঙ্কা ভারতের সাবেক কোচের।
ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবেন, এটা নিয়ে দেশটির ক্রিকেটে চলছে তুমুল আলোচনা। নিজেদের পছন্দের কথা বলছেন সাবেক ক্রিকেটাররা। রাভি শাস্ত্রীও জানিয়েছেন নিজের ভাবনা ও মতামত। পেসার জাসপ্রিত বুমরাহকে নেতৃত্বের বাড়তি চাপ থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক কোচ।
কদিন আগে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন রোহিত শার্মা। তাতে ইংল্যান্ডের সফরের আগে নতুন অধিনায়ক নিয়ে ভাবতে হচ্ছে ভারতকে। আলোচনায় আসছে অনেকের নাম। বুমরাহ আছেন সেই তালিকায় উপরের দিকে।
এত দিন রোহিতের ডেপুটি ছিলেন বুমরাহ। এখন পর্যন্ত ভারতকে তিনটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। যার দুটি সবশেষ অস্ট্রেলিয়া সফরে, যেখানে একটিতে জিতেছিল দল।
তবে বুমরাহকে গুরুদায়িত্বটি দেওয়া নিয়ে গভীরভাবে ভাবতে হবে ভারতকে। কারণ চোটের সঙ্গে যে প্রায়ই লড়াই করতে হয়ে তারকা এই পেসারকে। বোর্ডার-গাভাস্কার সিরিজের সবশেষ টেস্টে রোহিত নিজেকে সরিয়ে নেওয়ায় নেতৃত্বভার পান বুমরাহ। কিন্তু তিনিও চোট পেয়ে ম্যাচের মাঝপথে ছিটকে যান। পরে বাকি অংশে অধিনায়কত্ব করেন ভিরাট কোহলি। রোহিতের পাঁচ দিন পর টেস্টকে বিদায় বলে দিয়েছেন এই গ্রেট ব্যাটসম্যান।
পিঠের নিচের দিকের ওই চোটে দীর্ঘ দিন মাঠের বাইরে থাকতে হয় বুমরাহকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি তিনি। যেখানে তাকে ছাড়াই শিরোপা ঘরে তোলে ভারত।
চলতি আইপিএলেও শুরুর কয়েকটি ম্যাচে তাকে পায়নি মুম্বাই ইন্ডিয়ান্স। গত ৭ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরেন তিনি। চোট কাটিয়ে ফেরার পর নিজেকে মানিয়ে নিতে খুব একটা সময় নেননি বুমরাহ। এরই মধ্যে ৮ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছেন তিনি।
তবে টেস্ট আর আইপিএল যে এক নয়, আইসিসি রিভিউয়ে আলোচনার সময় সেটা মনে করিয়ে দিয়েছেন শাস্ত্রী। সাদা পোশাকে নেতৃত্বের বাড়তি দায়িত্ব দিলে বোলার বুমরাহকে হারিয়ে ফেলার শঙ্কা দেখছেন ভারতের সাবেক এই অলরাউন্ডার।
“দেখুন, আমার কাছে, (সবশেষ) অস্ট্রেলিয়া সফরের পর নেতৃত্বের জন্য পরিষ্কার পছন্দ হতো বুমরাহ। কিন্তু আমি চাই না জাসপ্রিতকে অধিনায়ক করা হোক এবং এরপর বোলার হিসেবে আমরা তাকে হারিয়ে ফেলি।”
“গুরুতর চোট কাটিয়ে সে কেবলই ফিরেছে। সে আইপিএলে খেলছে, যেটা (বোলারদের জন্য) চার ওভারের ক্রিকেট। এখন তাকে ১০ ওভার, ১৫ ওভার বোলিংয়ের পরীক্ষা দিতে হবে। এর মধ্যে আমরা চাইছি অধিনায়ক হিসেবে তার ওপর বাড়তি চাপ দিতে।”
ভবিষ্যৎ নেতৃত্বের জন্য নতুনদের গড়ে তোলায় মনোযোগ দিতে বলেছেন শাস্ত্রী। তার মতে, শুবমান গিল কিংবা রিশাভ পান্তকে শেখার সুযোগ দেওয়া উচিত ভারতের।
“কাউকে গড়ে তুলতে চাইলে আমি বলব, শুবমানকে ভালো মনে হচ্ছে। তাকে সুযোগটা দেওয়া হোক। তার বয়স ২৫, ২৬ বছর, এমনকি তাকে সময়ও দিতে হবে।”
“রিশাভও আছে। এই দুইজনের একজনের দায়িত্বটি পাওয়ার অপেক্ষায় আছি, কারণ তাদের বয়স এবং তাদের সামনে অনেক সময় রয়েছে। তাই তাদেরকে শেখার সুযোগ দিন।”
ইংল্যান্ড সফরে পাঁচ টেস্ট খেলবে ভারত। সিরিজ শুরু আগামী ২০ জুন।
