‘ওয়ানডে বিশ্বকাপ তো ওয়ানডে বিশ্বকাপ, তবে এটিও কম নয়’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হেরে গেলেও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সাফল্যকে কম কিছু মনে করেন না রোহিত শার্মা।
সংবাদ সম্মেলনের টেবিলেই রাখা ছিল ট্রফি। সেদিকে ইশারায় দেখিয়ে রোহিত শার্মা বললেন, ‘এটিও কম নয়…!’
আইসিসি টুর্নামেন্টের একটি শিরোপাকে এমনিতে ‘কম’ বলার কোনো জো নেই। তবে রোহিতের আগে বলা একটি কথা থেকেই চলে এসেছে তুলনার প্রসঙ্গ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে ভারতীয় অধিনায়ক বলেছিলেন, আইসিসি বিশ্বকাপ বলতে তিনি ওয়ানডে বিশ্বকাপকেই বোঝেন।
ওই বিশ্বকাপে আসরজুড়ে অপ্রতিরাধ্য ক্রিকেট খেলে অপরাজিত থেকে ফাইনালেও উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স আপ হয় ভারত। পরে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেন রোহিতরা। তবে সেটি তো অন্য সংস্করণের খেলা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রশ্নটি উঠে যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে কি বিশ্বকাপ না জেতার আক্ষেপ ঘুচল? ওয়ানডে ক্রিকেটে ট্রফি জয়ের তিয়াস কি মিটল? দুই ট্রফির ওজন কী সমান!
রোহিত তার আগের সেই মন্তব্যে ব্যাখ্যা দিলেন। পাশাপাশি বললেন, এই টুর্নামেন্টের মর্যাদাও কোনো অংশে কম নয়, এখানে জয়ের তৃপ্তিও একইরকমের।
“আইসিসির টুর্নামেন্ট সামনে যা আসে, সবাই জেতার চেষ্টা করে সেখানে। ওয়ানডে বিশ্বকাপ তো ওয়ানডে বিশ্বকাপ। ছেলেবেলা থেকে আমরা এটিই জানতাম, ৫০ ওভারের বিশ্বকাপই দেখে এসেছি। তখন কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি হতো না। এজন্য তখন আমি এটা বলেছিলাম যে, আমাদের জন্য ওই ৫০ ওভারের বিশ্বকাপই আসলে বিশ্বকাপের মতো।”
“তবে, (হাত ইশারায় ট্রফি দেখিয়ে) এটিও কম নয়। আমাকে আগে বলুন, এটা জিততেও কত কিছু লাগে! দেখুন, ট্রফি তো ট্রফিই। যে কোনো ফাইনাল জিতলেই অনেক গর্ব অনুভূত হয়। শুধু আমারই নয়, পুরো দল, গোটা দেশের আজকে খুশি থাকার কথা। কারণ, যে কোনো টুর্নামেন্টের ফাইনাল জিততে পারাই অনেক বড় অর্জন। এটাই বলার আছে।”
চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের এটি দ্বিতীয় শিরোপা। ২০১৩ সালে মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শিরোপা জয়ের সেই আসর থেকে রোহিতের ওয়ানডে ক্যারিয়ারের পুনরুজ্জীবন হয়েছিল ওপেনার হিসেবে। পরে ২০১৭ আসরে ভিরাট কোহলির নেতৃত্বে ফাইনালে হেরে যায় ভারত। এবার রোহিত দলকে ট্রফি এনে দিলেন নেতৃত্ব দিয়ে।
ওয়ানডে বিশ্বকাপের ট্রফি এখনও অধরা রোহিতের। ২০১১ বিশ্বকাপজয়ী দলে তিনি জায়গা পাননি। গত বিশ্বকাপে তো হতাশই হতে হয়েছে ফাইনালে। আগামী ওয়ানডে বিশ্বকাপ আরও আড়াই বছর পর। রোহিতের বয়স ততদিনে হবে পেরিয়ে যাবে ৪০। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে তিনি বলেছেন, ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন না এখনই।
