১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অভিজ্ঞানের ২০৯*, ভারতের ৪০৮

মালয়েশিয়ার বিপক্ষে পাঁচে নেমে ডাবল সেঞ্চুরি করলেন কিপার-ব‍্যাটসম‍্যান অভিজ্ঞান কুন্ডু, আসরে দ্বিতীয়বার চারশ ছোঁয়া সংগ্রহ পেল ভারত।

অভিজ্ঞানের ২০৯*, ভারতের ৪০৮
অপরাজিত ২০৯ রানের ইনিংস খেলেছেন অভিজ্ঞান কুন্ডু (ডানে)। ছবি: এসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2025, 03:35 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

একাদশ ওভারে ক্রিজে গিয়ে ঝড় তুললেন অভিজ্ঞান কুন্ডু। মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দলের বোলারদের উপর তাণ্ডব চালিয়ে করলেন ডাবল সেঞ্চুরি। সঙ্গে দলকে এনে দিলেন বড় সংগ্রহ। 

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মঙ্গলবার মালয়েশিয়ার বিপক্ষে অপরাজিত ২০৯ রানের ইনিংস খেলেন অভিজ্ঞান। তার ১২৫ বলের চমৎকার ইনিংসটি সাজানো ৯ ছক্কা ও ১৭ চারে।

দুবাইয়ে এদিন একাদশ ওভারে ক্রিজে যান ১৭ বছর বয়সী অভিজ্ঞান। এক ওভার পর মুহাম্মাদ নুরহানিফকে তিন বলের মধ্যে দুটি চার মারেন তিনি। পরের ওভারে হামজাহ পাঙ্গিকে মারেন টানা দুই চার।

দ্রুত রান বাড়িয়ে ৪৪ বলে ফিফটি স্পর্শ করেন অভিজ্ঞান। পঞ্চাশ থেকে সেঞ্চুরি ছুঁতে তার লাগে ৩৬ বল। তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পাওয়ার পর প্রথম ছক্কা মারেন তিনি। আগ্রাসী ব্যাটিংয়ে ১০৬ বলে দেড়শতে পা রাখেন এই কিপার-ব্যাটসম্যান।

চতুর্থ উইকেটে ভেদান্ত ত্রিভেদির সঙ্গে ২০৯ রানের জুটি গড়েন অভিজ্ঞান। ৭ চারে ৯০ রান করে ভেদান্ত বিদায় নিলেও শেষ পর্যন্ত খেলে যান তিনি।

৪৮তম ওভারে মুহাম্মাদ আকরামকে একটি চার ও তিনটি ছক্কা মারেন অভিজ্ঞান। পরের ওভারে ছক্কায় উড়িয়ে ১২১ বলে ডাবল সেঞ্চুরিতে পা রাখেন তিনি।

৪৯তম ওভার শেষে অভিজ্ঞানের নামের পাশে ছিল ২০৮ রান। প্রথম বলের পর আর স্ট্রাইকই পাননি তিনি।

ইনিংস শুরু করতে নেমে এদিন ৩ ছক্কা ও ৫টি চারে ২৬ বলে ৫০ রান করেন বৈভাব সুরিয়াভানশি।

তিন ব্যাটসম্যানের নৈপুণ্যে ৭ উইকেটে ৪০৮ রান করে আগেই টুর্নামেন্টের সেমি-ফাইনাল নিশ্চিত করা ভারত।