Published : 01 Sep 2025, 07:32 PM
সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতে চান জেমি ওভারটন। তাই লাল বলের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছেন ইংল্যান্ডের এই পেস বোলিং অলরাউন্ডার। এতে কার্যত আসন্ন অ্যাশেজ সিরিজ ছিটকে ছিটকে গেলেন তিনি। তার এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন ইংল্যান্ডের সীমিত ওভারের দলের অধিনায়ক হ্যারি ব্রুক।
সম্প্রতি ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচে খেলেন ওভারটন। ইংল্যান্ডের ৬ রানে হারা ম্যাচটিতে প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকার পর দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেন তিনি। এটি ছিল তার ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট।
প্রথমটি ছিল ২০২২ সালের জুনে। নিউ জিল্যান্ডের বিপক্ষে হেডিংলিতে ইংল্যান্ড ৫৫ রানে ৬ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নেমে অভিষেকে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। সপ্তম উইকেটে জনি বেয়ারস্টোর সঙ্গে গড়েছিলেন ২৪১ রানের জুটি।
দলে নিয়মিত না হলেও আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের দলে তার থাকা একরকম নিশ্চিতই ছিল। কিন্তু সেই দুয়ার তিনি বন্ধ করে দিলেন নিজেই।
৩১ বছর বয়সী এই ক্রিকেটার সোমবার সামাজিক মাধ্যমে লাল বলের ক্রিকেট থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলেন, এই পর্যায়ে এসে ‘শারীরিক ও মানসিকভাবে প্রতিটি স্তরে সব সংস্করণে নিজের পুরোটা দেওয়া সম্ভব নয়।’
“অনেক চিন্তাভাবনার পর লাল বলের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। ইংল্যান্ডের হয়ে দুটি টেস্ট ম্যাচসহ ৯৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে পারায় নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। লাল বলের প্রথম শ্রেণির ক্রিকেট আমার পেশাদার ক্যারিয়ারের ভিত্তি তৈরি করেছে এবং এখন পর্যন্ত আমার যত সুযোগ এসেছে, এর সবকিছুরই দুয়ার ছিল তা। এখানেই আমি খেলাটি শিখেছি এবং এটিই সেই লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষাগুলোকে আরও শক্তিশালী করেছে, যা আমাকে এত দিন ধরে এগিয়ে নিয়েছে।”
“তবে আমার ক্যারিয়ারের এই পর্যায়ে, ১২ মাসের (ঠাসা) সূচিতে ক্রিকেটের চাহিদা বিবেচনায় শারীরিক ও মানসিকভাবে প্রতিটি স্তরের সব সংস্করণে পুরোপুরি নিবেদিত হওয়া সম্ভব নয়। সামনে আমার মনোযোগ থাকবে সাদা বলের ক্রিকেটে এবং যতদিন সম্ভব সর্বোচ্চ স্তরে খেলার জন্য আমি সবকিছু করে যাব।”
ওভারটন বর্তমানে ইংল্যান্ডের সাদা বলের দলের সঙ্গে হেডিংলিতে আছেন। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে সামনে রেখে সাদা বলের দলের অধিনায়ক ব্রুক বললেন, এই সময়ে ওভারটনের এমন সিদ্ধান্ত অবাক করেছে তাকে।
“সত্যি বলতে আমি একটু অবাক হয়েছি। আমার মনে হয়, সবশেষ টেস্টে সে ভালো করেছে, দ্রুতগতিতে বোলিং করেছে। অবশ্যই তার সিদ্ধান্তকে সম্মান করতে হবে যে, লাল বলের ক্রিকেট থেকে সে বিরতি নিতে চলেছে। আশা করি, ভবিষ্যতে আমরা তাকে আবার (লাল বলের ক্রিকেটে) দেখতে পাব।”
“আমি গুঞ্জন শুনেছিলাম, তবে আজকের আগ পর্যন্ত তার কাছ থেকে কিছু শুনিনি। তার সিদ্ধান্তকে কেবল সম্মান করতে হবে, সে এই মুহূর্তে লাল বলের ক্রিকেট খেলতে চায় না। এ ব্যাপারে আমরা কিছুই করতে পারি না। সে এমন সিদ্ধান্ত নিয়েছে, এটা দুর্ভাগ্যজনক। আমার মনে হয়, সবশেষ টেস্ট ম্যাচে সত্যিই ভালো করেছে সে এবং অ্যাশেজে তাকে পেলে ভালো হতো।”
অ্যাশেজে না খেললেও এই শীতে অস্ট্রেলিয়াতেই থাকবেন ওভারটন। অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশে খেলবেন তিনি। দলটির হয়ে খেলেছেন গত দুই আসরেও। গত আসরে বল হাতে ১১ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে ৯৫.৫০ গড়ে ১৯১ রান করেছিলেন তিনি।
৯৯টি প্রথম শ্রেণির ম্যাচে ২১.৫১ গড়ে ওভারটন করেছেন ২ হাজার ৪১০ রান। একটি সেঞ্চুরির পাশে ফিফটি আছে ১৩টি। বল হাতে উইকেট নিয়েছেন ২৩৯টি। ইনিংসে পাঁচ উইকেট আছে ৬ বার।