২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালের পরাজয় ভুলে অস্ট্রেলিয়াকে সামনে তাকাতে বললেন হেড

লর্ডসের ফাইনালে হারের দুই সপ্তাহের কম সময়ের মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া।

ফাইনালের পরাজয় ভুলে অস্ট্রেলিয়াকে সামনে তাকাতে বললেন হেড
অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে ট্রাভিস হেড। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 06:09 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের ক্ষত এখনও তরতাজা। এর মধ্যেই নতুন অভিযানে নামতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। তাই সতীর্থদের কাছে ট্রাভিস হেডের প্রত্যাশা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই পরাজয় নিয়ে না ভেবে সামনে এগিয়ে যাওয়ার দিকে মনোযোগ দেবে সবাই।

টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে নেমে চলতি মাসের মাঝামাঝি লর্ডসের ফাইনালে ৫ উইকেটে হারে অস্ট্রেলিয়া। চতুর্থ ইনিংসে ২৮২ রানের লক্ষ্য তাড়ায় জিতে ২৭ বছরের আইসিসি ট্রফি-খরা কাটায় দক্ষিণ আফ্রিকা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে নিজেদের পথচলা শুরু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। আগামী বুধবার বারবাডোজে শুরু হবে প্রথম টেস্ট। সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হেড বললেন, অতীত নিয়ে পড়ে থাকা উচিত হবে না তাদের।

“মাঠে নেমে ভালো খেলার জন্য বাড়তি অনুপ্রেরণা আছে। আমরা (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) ভালো খেলতে পারিনি এবং এটা দুর্ভাগ্যজনক। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়নি, প্রতিপক্ষ দল সত্যিই ভালো খেলেছে।”

“নিজেদের গড়ে তোলার জন্য আমাদের আরও দুই বছর সময় আছে। তাই আমি মনে করি, এটা (ফাইনালে হার) নিয়ে খুব বেশি সময় ধরে ভাবলে বা পেছনে ফিরে তাকালে, আমরা সামনে এগিয়ে যাওয়া ভুলে যাব।”

দলের মতো হেড নিজেও ফাইনালে ভালো করতে পারেননি। বিধ্বংসী এই ব্যাটসম্যানের আশা, ক্যারিবিয়ানে ভালো খেলবেন তারা।

“যত কঠিনই হোক না কেন, আমরা অনেক ক্রিকেট খেলি এবং এতে অভ্যস্ত হয়ে গেছি। যা হয়েছে, সেটা তো পরিবর্তন করা যাবে না, তাই এগিয়ে যেতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে।”

সবশেষ ২০১৫ সালে ক্যারিবিয়ানে টেস্ট সিরিজে খেলা অস্ট্রেলিয়া দল থেকে এবারের স্কোয়াডে আছেন কেবল চার জন। তাদের একজন স্টিভেন স্মিথ প্রথম টেস্টে খেলতে পারবেন না চোটের কারণে। ফর্মহীনতায় বাদ পড়েছেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মার্নাস লাবুশেন।

সাড়ে ছয় বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম স্মিথ অথবা লাবুশেনকে ছাড়া কোনো টেস্ট খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এই দুজনের জায়গায় প্রথম টেস্টে স্যাম কনস্টাস ও জশ ইংলিসের খেলার কথা নিশ্চিত করা হয়েছে আগেই। এই দুজনেরই অভিজ্ঞতা কেবল দুটি করে টেস্ট খেলার।

নতুন চেহারার ব্যাটিং অর্ডার নিয়ে অস্ট্রেলিয়া যেকোনো কিছুর জন্য প্রস্তুত, বললেন হেড।

“আমি মনে করি, আমরা যেকোনো কিছুর জন্য প্রস্তুত, সত্যিই তাই এবং একই ম্যাচে (পেস ও স্পিন) দুটির জন্যই প্রস্তুত। যখন আমরা মাঠে নামব, তখন দলটা একটু নতুন চেহারার থাকবে। কিন্তু ছেলেরা ইতিমধ্যেই খেলেছে, তাই তাদের অল্প সময়ের টেস্ট ক্রিকেটে অভিজ্ঞতা আছে। এমন কিছু ছেলে আছে, যারা দীর্ঘদিন ধরে দলের অংশ, তাই খুব বেশি আলাদা মনে করা উচিত নয়।”