উইন্ডিজ শিবিরে সেঞ্চুরিয়ানকে হারানোর ধাক্কা
ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জাস্টিন গ্রেভসকে পাবে না ওয়েস্ট ইন্ডিজ।
ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে বড়সড় এক ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান জাস্টিন গ্রেভসকে হারাল সফরকারীরা।
থিরুভানান্থাপুরামে গত রোববার ইনিংস শুরু করতে নেমে চমৎকার ব্যাটিং উপহার দেন গ্রেভস। সেদিন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির স্বাদ পান তিনি। ১০৮ বলে খেলেন ১০১ রানের ইনিংস।
ইনিংসটি খেলার পথে পেশিতে চোট পান গ্রেভস। পরে আর ফিল্ডিং করতে নামেননি তিনি। এবার দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গেলেন ডানহাতি ব্যাটসম্যান।
গ্রেভসের সেঞ্চুরিতে ২৯৫ রান করে ক্যারিবিয়ানরা। অধিনায়ক শুবমান গিল ও ব্যাটিং গ্রেট ভিরাট কোহলির সেঞ্চুরিতে ৮ উইকেট হাতে রেখে ৫০ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
গুয়াহাটিতে বুধবার দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আগামী শনিবার, চান্ডিগাড়ে।
এরপর ৬ থেকে ১৭ অক্টোবর পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।
