২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিংহাসন পুনরুদ্ধারের পথে এগোলেন কোহলি

ওয়ানডের এক নম্বর ব্যাটসম্যান সতীর্থ রোহিত শার্মার চেয়ে কেবল ৩২ রেটিং পয়েন্ট পিছিয়ে ভারতীয় ব্যাটিং গ্রেট।

সিংহাসন পুনরুদ্ধারের পথে এগোলেন কোহলি
ভারতীয় ব্যাটিং গ্রেট ভিরাট কোহলি। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2025, 04:29 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

ধারাবাহিক পারফরম্যান্সে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধারের পথে এগিয়ে চলেছেন ভিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ এগিয়ে এখন চতুর্থ স্থানে তিনি। চূড়ায় রোহিত শার্মাকে পেছনে ফেলতে আর কেবল ৩৩ রেটিং পয়েন্ট দরকার ভারতীয় ব্যাটিং গ্রেটের।

পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি।

ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে টানা তিন বছরের বেশি সময় ধরে চূড়ায় ছিলেন কোহলি। ২০২১ সালের এপ্রিলে পাকিস্তানের বাবর আজমের কাছে শীর্ষস্থান হারানোর পর আর সেখানে ফিরতে পারেননি তিনি। একটা সময় তো সেরা দশের বাইরেও চলে গিয়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।

রাঁচিতে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৩৫ রানের চমৎকার ইনিংস খেলেন কোহলি। এর আগের ম্যাচে অস্ট্রেলিয়ায় অপরাজিত ৭৪ রান করেছিলেন তিনি।

ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে কোহলির রেটিং পয়েন্ট এখন ৭৫১। আর তার সতীর্থ রোহিতের ৭৮৩। নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল ৭৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে এবং ৭৬৪ পয়েন্ট নিয়ে তিনে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান।

দক্ষিণ আফ্রিকাকে ১৭ রানে হারানো ওই ম্যাচে ফিফটি করে ২ ধাপ এগিয়ে এখন চতুর্দশ স্থানে লোকেশ রাহুল। পঞ্চাশ ছোঁয়া ইনিংসে দলকে লড়াইয়ে রাখা দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিটস্কির উন্নতি ১৭ ধাপ, স্কটল্যান্ডের জর্জ মানজির সঙ্গে যৌথভাবে ৩০তম স্থানে আছেন তিনি।

৪ উইকেট নিয়ে ভারতের জয়ে অবদান রাখা বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ ইয়াদাভ এক ধাপ এগিয়ে ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে এখন ষষ্ঠ স্থানে। দক্ষিণ আফ্রিকান পেসার নান্দ্রে বার্গারের অগ্রগতি ১০ ধাপ, আছেন ৬৪ নম্বরে।

তিনটি উইকেট নিয়ে ১৯ ধাপ এগিয়েছেন হার্শিত রানা (৯৩তম) এবং দুটি উইকেট নিয়ে ৯ ধাপ এগিয়েছেন ভারতের আরেক পেসার আর্শদিপ সিং (৯৫তম)।

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রাশিদ খান। অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে তার সতীর্থ আজমাতউল্লাহ ওমারজাই।

ভারত-দক্ষিণ আফ্রিকার গুয়াহাটি টেস্টের পারফরম্যান্সও বিবেচনায় এসেছে এই সপ্তাহের হালনাগাদে। স্বাগতিকদের ৪০৮ রানের বিশাল ব্যবধানে হারানো ম্যাচে দুর্দান্ত ব্যাটিং ও বোলিং করেন মার্কো ইয়ানসেন। পেস বোলিংয়ে প্রথম ইনিংসে ৬টিসহ মোট ৭ উইকেট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা পঞ্চম স্থানে তিনি।

ভারতকে দুই ইনিংসেই অল্পতে গুঁড়িয়ে দেওয়ার পথে বড় ভূমিকা রাখেন অফ স্পিনার সাইমন হার্মার। দ্বিতীয় ইনিংসে ৬টিসহ মোট ৯ উইকেট নিয়ে তার উন্নতি ১৩ ধাপ, আছেন ১১ নম্বরে।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। ব্যাটসম্যানদের তালিকায় চূড়ায় ইংলিশ গ্রেট জো রুট।

গুয়াহাটিতে প্রথম ইনিংসে সেঞ্চুরি (১০৯) করে ২৮ ধাপ এগিয়েছেন সেনুরান মুথুসামি। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আছেন ৬৩তম স্থানে। ওই ইনিংসে ৯৩ রান করা ইয়ানসেনের অগ্রগতি ২১ ধাপ, অবস্থান ৭৫তম।

দ্বিতীয় ইনিংসে ৯৪ রান করে ১৬ ধাপ এগিয়ে এখন ৪৭ নম্বরে ট্রিস্টান স্টাবস। তার সতীর্থ রায়ান রিকেলটন (৩৯তম) ও টনি ডি জর্জির (৪৫তম) উন্নতি ৫ ধাপ করে।

ব্যাটে-বলে আলো ছড়িয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেওয়া ইয়ানসেন ৪ ধাপ এগিয়েছেন অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে। ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে আছেন তিনি। যথারীতি চূড়ায় ভারতের রাভিন্দ্রা জাদেজা।