১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘স্বপ্নের ঠিকানায়’ আয়ুশ বাদোনি

নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন ভারতের এই ক্রিকেটার।

‘স্বপ্নের ঠিকানায়’ আয়ুশ বাদোনি
লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের জার্সিতে আয়ুশ বাদোনি। ছবি: বিসিসিআই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2026, 05:05 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

সতীর্থের দুর্ভাগ্য আয়ুশ বাদোনির জন্য হয়ে এসেছে সৌভাগ্য হয়ে। ওয়াশিংটন সুন্দারের চোটে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।

জাতীয় দল যেকোনো ক্রিকেটারের জন্য পরম আকাঙ্ক্ষিত জায়গা। সেখান প্রথমবার ডাক পাওয়া মানে স্বপ্ন পূরণ হওয়া। বাদোনির ক্ষেত্রেও ব্যক্তিক্রম নয়। এই প্রথম যে ভারত দলে ডাক পেলেন তিনি।

ভাদোদারায় রোববার নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলার সময় পাঁজরে চোট পান ওয়াশিংটন। যা তাকে সিরিজের বাকি ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এই স্পিনিং অলরাউন্ডারের বদলি হিসেবেই বাদোনিকে দলে যোগ করেছে ভারত।

বাদোনি মূলত ব্যাটসম্যান হলেও অফ স্পিনে কার্যকর ভুমিকার রাখার সামর্থ্য আছে তার। এখন পর্যন্ত লিস্ট ‘এ’ ক্রিকেটে ২২ ইনিংসে ব্যাটিং করে ৬৯৩ রান করেছেন তিনি। নামের পাশে একটি সেঞ্চুরির সঙ্গে ফিফটি পাঁচটি।

৫০ ওভারের সংস্করণে ২০ ম্যাচে ১৮ শিকার ধরেছেন বাদোনি। সর্বোচ্চ ২৯ রানে তিনটি। চলতি ভিজায় হাজারে ট্রফিতে ব্যাটিংয়ে আহামরি কিছু করতে না পারলেও দিল্লির হয়ে তিন ইনিংসে ২২ ওভার বোলিং করে নিয়েছেন চার উইকেট।

মিডল ও লোয়ার মিডল অর্ডারের জন্য নিজেকে তৈরি করছেন বাদোনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার একমাত্র সেঞ্চুরিটি পাঁচ নম্বরে নেমে।

এছাড়া আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে বাদোনির। লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে চার মৌসুমে ৫৬ ম্যাচ খেলে ৯৬৩ রান করেছেন তিনি ১৩৮.৫৬ স্ট্রাইক রেটে। সেঞ্চুরির দেখা পাননি, করেছেন ছয়টি ফিফটি, সর্বোচ্চ ৭৪।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ৯৬ ম্যাচ খেলে ১ হাজার ৭৮৮ রান করেছেন বাদোনি ১০ ফিফটি ও ১৩৭.৯৬ স্ট্রাইক রেটে। আর এই সংস্করণে উইকেট নিয়েছেন ১৭টি। 

প্রথম ওয়ানডেতে কিউইদের ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে ভারত। সিরিজের পরের দুই ম্যাচ আগামী বুধবার ও রোববার।