সেই এনগিডিকে ফিরিয়ে বার্টমানের হ্যাটট্রিক
এসএ টোয়েন্টির প্রথম তিন আসরে ছিল না কোনো হ্যাটট্রিক, চতুর্থ আসরে ১০ ম্যাচের মধ্যে সেটি দেখা গেল দুই দফায়।
প্রথম ওভারে পরপর দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের দুয়ারে গেলেও কাঙ্ক্ষিত স্বাদটি পাওয়া হয়নি। ওটনিয়েল বার্টমানের সেই আক্ষেপ ঘুচল শেষ ওভারে। হ্যাটট্রিক করে ওভার শেষ করলেন তিনি মেডেন নিয়ে।
এসএ টোয়েন্টিতে বৃহস্পতিবার পার্ল রয়্যালসের হয়ে প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে চার ওভারে এক মেডেনে স্রেফ ১৬ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন বার্টমান। চলতি আসরে কোনো বোলারের প্রথম পাঁচ উইকেট এটি।
দক্ষিণ আফ্রিকার এই ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম তিন আসরে ছিল না কোনো হ্যাটট্রিক, এবারের আসরে ১০ ম্যাচের মধ্যে সেটি দেখা গেল দুই দফায়। গত সপ্তাহে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে এই স্বাদ পান আরেক দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিডি।
মজার ব্যাপার হলো, এবার বার্টমান হ্যাটট্রিক পূর্ণ করেন এনগিডিকে আউট করেই!
সেঞ্চুরিয়নে ক্যাপিটালসের ইনিংসের চতুর্থ ওভারে বোলিং পেয়ে প্রথম দুই বলে কনর এস্টারহুইজেন ও জর্ডান কক্সকে ফিরিয়ে দেন বার্টমান। হ্যাটট্রিক ডেলিভারিতে এক রান নেন নতুন ব্যাটসম্যান।
পাওয়ার প্লেতে দুই ওভারে ৮ রানে ২ উইকেট নেন বার্টমান। ইনিংসের পঞ্চদশ ওভারে বোলিংয়ে ফিরে তিনি দেন ৮ রান। ১৯তম ও কোটার শেষ ওভারে প্রথম তিন বলে হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন ৩২ বছর বয়সী পেসার।
প্রথম বলে লং-অফে ক্যাচ দিয়ে ফেরেন আন্দ্রে রাসেল। পরের বলে বোল্ড লিজাড উইলিয়ামস। তৃতীয় বলে সহজ ফিরতি ক্যাচ তুলে দেন এনগিডি।
বাকি তিন বলেও আসেনি কোনো রান।
বার্টমানের দারুণ বোলিংয়ে ক্যাপিটালসকে ১২৭ রানে গুটিয়ে দিয়ে রয়্যালস ৬ উইকেটে জিতে যায় ২৯ বল হাতে রেখেই।
