২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

টেস্ট দলে ডাক পেয়ে আইপিএল নায়কের ‘পরাবাস্তব’ অনুভূতি

এবারের আইপিএলে রানের জোয়ার বইয়ে দেওয়া ব্যাটসম্যান প্রথম শ্রেণির ক্রিকেটেও সম্ভাবনার ছাপ রেখে জায়গা পেয়েছেন ভারতের টেস্ট দলে।

টেস্ট দলে ডাক পেয়ে আইপিএল নায়কের ‘পরাবাস্তব’ অনুভূতি
এবারের আইপিএলে এখনও পর্যনত সর্বোচ্চ রান সাই সুদার্শানের। ছবি: গুজরাট টাইটান্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2025, 01:45 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

আইপিএলে সময়টা এবার স্বপ্নের মতো কাটছে সাই সুদার্শানের। তিনি রানের তালিকায় শীর্ষে, তার দল পয়েন্ট তালিকায় শীর্ষে। এই আনন্দের আবহেই জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণের বার্তা পেলেন তিনি। তরুণ সম্ভাবনাময় ব্যাটসম্যান প্রথমবার জায়গা করে নিলেন ভারতের টেস্ট দলে। ২৩ বছর বয়সী ব্যাটসম্যানের উচ্ছ্বাস তাই যেন ছুঁতে চাইছে আকাশ।

আগামী মাসের ইংল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট স্কোয়াডে ঠাঁই পেয়েছেন সুদার্শান। রোহিত শার্মা ও ভিরাট কোহলির অবসরের পর তার টেস্ট অভিষেকের সম্ভাবনাও এখন উজ্জ্বল।

সুদার্শান এখন ব্যস্ত আছেন গুজরাট টাইটান্সের হয়ে আইপিএলে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি শোনালেন টেস্ট দলে ডাক পাওয়ার অনুভূতি।

ভারতের হয়ে এখনও পর্যন্ত তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন সুদার্শান। তবে টেস্ট দলের তুলনীয় কিছু তিনি দেখেন না।

“অবশ্যই অসাধারণ লাগছে। খুবই স্পেশাল মনে হচ্ছে, পরাবাস্তব অনুভূতিও। যে কোনো ক্রিকেটার, কোনো তরুণ ক্রিকেটার, যে ক্রিকেট খেলা শুরু করে, প্রত্যেকেই টেস্ট ক্রিকেট খেলতে চায়, দেশের হয়ে খেলতে চায়। চূড়ান্ত লক্ষ্য হলো টেস্ট ক্রিকেট খেলা। এজন্য খুবই ভালো লাগছে।” 

প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯ ম্যাচে সাত সেঞ্চুরি ও পাঁচ ফিফটি করেছেন সুদার্শান। তামিলনাড়ুর হয়ে সাধারণত তিনি ইনিংস ওপেন করে থাকেন। ভারতের হয়ে যে তিনটি ওয়ানডে খেলেছেন, সেখানে ওপেনই করেছেন। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতেই ফিফটি করেছেন ইনিংস শুরু করে। চলতি আইপিএলেও তিনি রানের জোয়ার বইয়ে দিয়েছেন ইনিংস শুরু করে। 

তবে টেস্ট দলে তাকে বিবেচনা করা হতে পারে মিডল অর্ডারে, চার বা পাঁচে। সুদার্শান তাতে ভাবিত নন একটুও। তিনি স্রেফ দেশের হয়ে টেস্ট খেলতে চান। 

“দেশের জন্য খেলতে পারাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমার মনে হয় না আমি এমন অবস্থায় আছি যে, নিজে পছন্দ করতে পারি কোন পজিশনে খেলব। কোচরা যেখানে চান, আমি সেখানেই খেলতে মানসিকভাবে ও স্কিলের দিক থেকে তৈরি থাকার চেষ্টা করব সুযোগটা নিতে।”

গুজরাটের অধিনায়ক শুবমান গিলকে টেস্ট দলেও অধিনায়ক হিসেবে পাচ্ছেন সুদার্শান। ছবি: বিসিসিআই।

গুজরাটের অধিনায়ক শুবমান গিলকে টেস্ট দলেও অধিনায়ক হিসেবে পাচ্ছেন সুদার্শান

“এমনিতে আমার পছন্দের শেষ নেই। তবে দল আমাকে যে পজিশনে খেলায়, আমি তৈরি থাকব। যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকব।”

ছোট্ট প্রথম শ্রেণির ক্যারিয়ারেই কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছেন তিনি সারের মতো ঐতিহ্যবাহী দলের হয়ে এবং সেখানে খেলেছেন মিডল অর্ডারেই। সেঞ্চুরিও করেছেন একটি। প্রথম শ্রেণির ক্রিকেটে তার সবশেষ সেঞ্চুরিটি ছিল ভারতের ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে তিন নম্বরে নেমে। পজিশন যে সমস্যা নয়, সেটি তিনি দেখিয়েছেন এর মধ্যেই।

সুদার্শানের প্রথম টেস্ট সিরিজ দিয়েই ভারতের টেস্ট দলের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন শুবমান গিল। গুজরাট টাইটান্সে একসঙ্গেই ইনিংস শুরু করেন দুজন। চলতি আইপিএলে দুজনের তুমুল লড়াইও চলছে। ৬৩৮ রান নিয়ে শীর্ষে সুদার্শান, তার চেয়ে স্রেফ দুই রান কম গিলের। দুজনে মিলে গড়েছেন এক আসরে ভারতীয় দুই ব্যাটসম্যানের জুটিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড।

গিলকে টেস্ট অধিনায়ক হিসেবে পেয়ে রোমাঞ্চিত সুদার্শান। 

“বছরের পর বছর ধরে শুবির (শুবমান) বেড়ে ওঠার সঙ্গী আমিও। গত চার বছর ধরে ওকে দেখছি। এতটা প্রতিভাবান ব্যাটসম্যান, স্কিলফুল ব্যাটসম্যান, সবাই দেখছে তা। আমার মনে হয়, অবশ্যই সে দেশের জন্য অনেক খ্যাতি বয়ে আনবে ও দারুণ কিছু করবে। আমি কৃতজ্ঞ ও খুবই খুশি যে প্রথম টেস্ট সিরিজে ওর নেতৃত্বে খেলতে পারব।”