১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১৭৭ বলে ২০০ ছুঁয়ে শেবাগ-ইনজামামকে ছাড়ালেন শান মাসুদ

প্রথম শ্রেণির ক্রিকেটে পাকিস্তানের মাটিতে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড এখন দেশটির টেস্ট অধিনায়কের।

১৭৭ বলে ২০০ ছুঁয়ে শেবাগ-ইনজামামকে ছাড়ালেন শান মাসুদ
শান মাসুদ। ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 04:10 PM

Updated : 26 Aug 2026, 05:26 PM

করাচিতে রান উৎসবের দিনে আক্রমণাত্মক ব‍্যাটিংয়ে ডাবল সেঞ্চুরি ছুঁয়েছেন শান মাসুদ। এতে দারুণ দুটি অর্জন ধরা দিয়েছে তার হাতে। একটিতে তিনি পেছনে ফেলেছেন ভারতের ব‍্যাটিং গ্রেট বিরেন্দার শেবাগ এবং অন‍্যটিতে পাকিস্তানের ইনজামাম-উল-হাককে।

পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটের টুর্নামেন্ট প্রেসিডেন্ট’স ট্রফির ম‍্যাচে রেকর্ড দুটি গড়েছেন মাসুদ। 

করাচিতে রোববার সাহিরের বিপক্ষে টস হেরে ব‍্যাট করতে নামে সুই নর্দার্ন গ‍্যাস পাইপলাইন্স লিমিটেড। মাসুদ ও আলি জারিয়াবের ব‍্যাটে ৮২.১ ওভারে ২ উইকেটে ৪৬০ রান করে তারা।

দিন শেষে ১৮৫ বলে দুই ছক্কা ও ২৬ চারে ২১২ রানে অপরাজিত মাসুদ। তিনি ডাবল সেঞ্চুরি স্পর্শ করেন ১৭৭ বলে।   

প্রথম শ্রেণির ক্রিকেটে পাকিস্তানের ব‍্যাটসম‍্যানের মধ‍্যে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড এত দিন ছিল ইনজামামের। ১৯৯২ সালে অক্সফোর্ডের বিপক্ষে সফরকারী পাকিস্তান দলের হয়ে ১৮৮ বলে দুইশ ছুঁয়েছিলেন তিনি। 

পাকিস্তানের মাটিতে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন মাসুদ। এক্ষেত্রে তিনি পেছনে ফেলেছেন শেবাগকে। ২০০৬ সালে লাহোর টেস্টে ২৫৪ রানের ইনিংস খেলার পথে ভারতীয় ওপেনার ডাবল সেঞ্চুরি করেন ১৮২ বলে।

চলতি বছরে এটি মাসুদেন দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। দুই মাস আগে অ‍্যাবোটাবাদের বিপক্ষে করাচি ব্লুজের হয়ে তিনি খেলেন ২৫০ রানের ইনিংস। সব মিলিয়ে তার পাশে এখন ডাবল সেঞ্চুরি হলো পাঁচটি।