১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ওয়ার্নারের জরিমানা

শুনানিতে উঠে এসেছে, সামনে ‘ব্রেথ টেস্ট’ হচ্ছে বুঝতে পেরে, চালকের পজিশন থেকে সিট পাল্টানোর চেষ্টা করেন এই ক্রিকেটার।

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ওয়ার্নারের জরিমানা
ডেভিড ওয়ার্নার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2026, 06:18 PM

Updated : 11 Sep 2026, 03:51 PM

সিডনিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় জরিমানা করা হয়েছে ডেভিড ওয়ার্নারকে। অ‍্যালকোহলের মাত্রা মাপার জন‍্য তার গাড়িতে ইন্টারলক ডিভাইসও লাগাতে হবে তাকে। 

গত এপ্রিলে পিএসএলের মাঝপথে ছুটিতে দেশে ফিরে গিয়ে মদ‍্যপ অবস্থায় গাড়ি চালানোয় গ্রেপ্তার হন ওয়ার্নার। নিউ সাউথ ওয়েলস পুলিশ তখন জানায়, পূর্ব সিডনির মারুব্রায় ব্রেথলাইজার পরীক্ষায় পজিটিভ ফল আসায় রোববার ৩৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

থানায় নেওয়ার পর দ্বিতীয়বার পরীক্ষায়ও ওয়ার্নারের পজিটিভ ফল আসে। নিউ সাউথ ওয়েলসে অ্যালকোহলের যে ‘বৈধ মাত্রা’ নির্ধারিত আছে, ওয়ার্নারের রক্তে তা দ্বিগুণের বেশি ছিল বলে জানানো হয়।

ওয়ার্নার দোষী প্রমাণিত হন। শুনানিতে উঠে আসে যে, সামনে ‘ব্রেথ টেস্ট’ হচ্ছে বুঝতে পেরে চালকের পজিশন থেকে সিট পাল্টানোর চেষ্টা করেন তিনি। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনারকে এক হাজার পাঁচশ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়। 

ওয়ার্নার শুরুতে ওয়েভারলি লোকাল কোর্টে উপস্থিত ছিলেন না। মৌখিক যুক্তি-তর্ক উপস্থাপন শুরুর আগ মুহূর্তে উপস্থিত হন তিনি। 

সিডনি থান্ডারের নেতৃত্ব হারাতে পারেন বাঁহাতি ওপেনার। বিবিএলে খেলা সিডনির দুটি ফ্র‍্যাঞ্জাইজি রাজ‍্য সরকারের মদ‍্যপ অবস্থায় গাড়ি চালানো বন্ধে চালানো প্রচারণার অংশীদার। 

থান্ডারের মালিকানায় থাকা ক্রিকেট এনএসডব্লিউ বলেছে, তারা এই ঘটনাকে অত‍্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। নিরাপদ গাড়ি চালানোর গুরুত্ব সম্পর্কে তারা সব খেলোয়াড়কে সচেতন করবে।