Published : 18 Jun 2026, 10:35 PM
অপ্রীতিকর কাণ্ড ঘটিয়ে টেস্ট দল থেকে বাদ পড়া বেন স্টোকস ফিরছেন খেলায়। ইংলিশ টেস্ট অধিনায়ককে রেখেই আসছে ম্যাচের দল সাজিয়েছে কাউন্টি দল ডারহাম।
নর্দ্যাম্পটনশায়ারের বিপক্ষে কাউন্টি ডিভিশন টু এর ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে ডারহাম। ম্যাচটির জন্য ১৫ সদস্যদের দলে ‘শাস্তি পাওয়া’ স্টোকসকে রেখেছে তারা।
গত রোববার নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের জয়ের পর সোমবার ভোরে ‘দলের প্রোটোকল লঙ্ঘন’করেন স্টোকস ও পেসার গাস অ্যাটকিনসন।
গণমাধ্যমের খবর, রাগবি ইউনিয়নের ক্লাব সারাসেন্স এফসির সামোয়ান খেলোয়াড় টোটোয়া ওভার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। এই ঘটনায় ইংল্যান্ডের একজন নিরাপত্তা কর্মকর্তা আহত হন এবং তার সেলাইয়ের প্রয়োজন পড়ে।
ঘটনাটি নিয়ে তদন্ত করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ক্রিকেট রেগুলেটর।
ওই কাণ্ডে নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান ওভাল টেস্ট থেকে স্টোকস ও অ্যাটকিনসনকে বাদ দেয় ইংল্যান্ড। এখন তদন্ত চলাকালেই মাঠে ফেরার অপেক্ষায় আছেন স্টোকস।
স্টোকসের অনুপস্থিতিতে চলমান টেস্টে ইংলিশদের নেতৃত্ব দিচ্ছেন জো রুট, যিনি আগে ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন।
গত মৌসুমে মাঠের বাইরের ইংলিশ ক্রিকেটারদের নানা অসংযত আচরণের পর, দলের আচরণ ও সংস্কৃতি উন্নত করার প্রতিশ্রুতি দেওয়ার পরও, স্টোকসদের এই ঘটনায় তাদের আচরণগত সমস্যা নিয়ে বিতর্ক আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছে।
স্টোকসের ডেপুটি হিসেবে তার অনুপস্থিতিতে স্বাভাবিকভাবে দলকে নেতৃত্ব দেওয়ার কথা ব্রুকের। তবে তারও আচরণগত অতীত খুব একটা সন্তোষজনক নয়। অ্যাশেজের আগে গত বছরের শেষ দিকে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচের আগের দিন ওয়েলিংটনের এক নাইটক্লাবের বাউন্সারের হাতে ঘুষি খেয়েছিলেন সাদা বলের অধিনায়ক ব্রুক।
ওই ঘটনার পরই, ইংল্যান্ড দলে ‘মিডনাইট কারফিউ’ চালু করা হয়। সেটাই ভেঙে নাইটক্লাবে গিয়ে ঝামেলায় জড়ান স্টোকস ও অ্যাটকিনস।