Published : 30 Aug 2025, 08:49 PM
গত আইপিএলে দারুণ বোলিং, ‘নোটবুক’ উদযাপন ও বারবার আচরণবিধি ভেঙে খবরের শিরোনাম হওয়া দিগ্বেশ রাঠি আবারও আলোচনায় উঠে এসেছেন নেতিবাচক কারণে। এবার দিল্লি প্রিমিয়ার লিগে (ডিপিএল) আচরণবিধি ভেঙে শাস্তি পেয়েছেন ভারতের এই লেগ স্পিনার। তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে মোটা অঙ্কের জরিমানা গুনেছেন দেশটির ব্যাটসম্যান নিতিশ রানাও।
সাউথ দিল্লি সুপারস্টারজ ও ওয়েস্ট দিল্লি লায়ন্সের মধ্যে ডিপিএলের এলিমিনেটর ম্যাচের ঘটনা এটি। দিল্লির আরুন জেটলি স্টেডিয়ামে শুক্রবার ২০১ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করছিলেন দিল্লি লায়ন্সের অধিনায়ক নিতিশ।
ডিপিএলের সামাজিক মাধ্যমের পাতায় পোস্ট করা ভিডিওতে দেখা যায়, রানআপে দৌড়ে গিয়েও শেষ মুহূর্তে বল ছাড়েননি দিগ্বেশ। মজা করে সুইপ শট খেলার ভঙ্গি করেন ব্যাটসম্যান নিতিশ। বিদ্রূপাত্মক হাসি দিয়ে আবার বোলিং লাইনআপে ফিরে আসেন বোলার দিগ্বেশ। এই স্পিনারের পরবর্তী ডেলিভারির আগ মুহূর্তে ক্রিজ থেকে সরে যান রানা। তখন কথার লড়াই হয় দুজনের মধ্যে।
পরক্ষণে দিগ্বেশকে রিভার্স-সুইপ করে ছক্কা মারেন নিতিশ। এরপর দিগ্বেশের ‘নোটবুক’ উদযাপনের অনুকরণে ব্যাটে লেখার ভঙ্গি করেন এবং চুমু আঁকেন তিনি। সেই মুহূর্ত থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এবার শুরুটা কে করে করেছিলেন, তা ভিডিওতে স্পষ্ট নয়। তবে দিগ্বেশের দিকে তেড়ে যেতে যেতে কিছু বলতে থাকেন নিতিশ। আম্পায়ার ও অন্য ক্রিকেটারদের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি।
ম্যাচে শেষ হাসি হাসেন নিতিশ। ১৫ ছক্কা ও ৮ চারে ৫৫ বলে অপরাজিত ১৩৪ রানের ইনিংসে দলকে ৭ উইকেটের জয় এনে দেন তিনি ১৭ বল বাকি থাকতে। দিগ্বেশের একটি ওভারে টানা চার বলে তিনটি ছক্কা ও একটি চার মারেন ভারতের হয়ে একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলা বাঁহাতি এই ব্যাটসম্যান। দিগ্বেশের আরেক ওভারে দুটি ছক্কা ও একটি চার মারেন তিনি। ২ ওভারে ৩৯ রান দিয়ে উইকেটশূন্য থাকেন দিগ্বেশ।
আচরণবিধি ভাঙায় দিগ্বেশের ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা করা হয়েছে। তার আচরণ ‘খেলার চেতনার পরিপন্থী’ বলে বিবেচিত হয়েছে। নিতিশকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে ‘আক্রমণাত্মক বা অপমানজনক অঙ্গভঙ্গি’ করার জন্য।
শুধু এই দুজনই নয়, ম্যাচটিতে আচরণবিধি ভেঙে জরিমানা গুনেছেন আরও তিন ক্রিকেটার।
গত আইপিএলে লাক্ষ্নৌ সুপার জায়ান্টসের হয়ে খেলেন দিগ্বেশ। লাক্ষ্নৌ প্লে-অফে উঠতে না পারলেও নিজের প্রথম আইপিএলে বল হাতে চমক দেখান এই স্পিনার। আসরে দলটির হয়ে সর্বোচ্চ ১৪ উইকেট নেন তিনি ১৩ ম্যাচে ওভারপ্রতি ৮.২৫ করে রান দিয়ে।
আলোচিত ও সমালোচিত ছিলেন তিনি ব্যাটসম্যানকে আউট করার পর ‘নোটবুক’ উদযাপন করেও, যেখানে তিনি কিছু একটা লেখার বা অটোগ্রাফ দেওয়ার ভঙ্গি করেন। উদযাপনের বাড়াবাড়ির জন্য তাকে শাস্তি পেতে হয় কয়েকবার। এক আসরে তিনবার আচরণবিধি ভঙ্গ করে তিনবার জরিমানার পাশাপাশি এক ম্যাচের জন্য নিষিদ্ধও হয়েছিলেন তিনি।
আইপিএলের পর গত জুনে স্থানীয় একটি টি-টোয়েন্টি ম্যাচে টানা পাঁচ বলে পাঁচ উইকেট নিয়ে চমক দেখান দিগ্বেশ।