Published : 02 Dec 2025, 11:38 AM
আইপিএলের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজুর রহমান। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আট আসরে খেলা এই পেসারের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। আইপিএলে ফেরার আশায় নিলামে নাম লিখিয়েছেন সাকিব আল হাসানও। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার নিজেকে রেখেছেন ১ কোটি রুপির ক্যাটাগরিতে।
আগামী আসরের নিলামের জন্য তালিকায় নাম তুলেছেন মোট ১ হাজার ৩৭৭ ক্রিকেটার। তাদের সবার নাম থাকবে না নিলামের চূড়ান্ত তালিকায়। ফ্র্যাঞ্চাইজিগুলোকে তাদের আগ্রহের তালিকায় থাকা ক্রিকেটারদের নাম জমা দিতে বলা হয়েছে আগামী শুক্রবারের মধ্যে। সেটির ভিত্তিতে মূল তালিকা চূড়ান্ত হবে।
নিলাম হবে আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে।
মুস্তাফিজ গত আসরে নিলামে দল না পেলেও পরে বদলি হিসেবে জায়গা পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসে। তিন ম্যাচ খেলে চারটি উইকেট নিয়েছিলেন তিনি।
এখনও পর্যন্ত আট আসরে পাঁচটি ভিন্ন দলের হয়ে মোট ৬০টি ম্যাচ খেলেছেন ৩০ বছর বয়সী বাঁহাতি পেসার। ওভারপ্রতি ৮.১৩ রান দিয়ে উইকেট নিয়েছেন ৬৫টি। ২০১৬ সালে অভিষেক আসরে ১৭ উইকেট তার সেরা মৌসুম এখনও।
সাকিব আইপিএলে সবশেষ খেলেছেন ২০২১ সালে। সাতটি আসরে তিনি খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, দুটিতে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ৯ আসরে ম্যাচ খেলেছেন তিনি মোট ৭১টি। ১২৪.৪৮ স্ট্রাইক রেট ও ১৯.৮২ গড়ে রান করেছেন ৭৯৩, ওভারপ্রতি ৭.৪৩ রান দিয়ে উইকেট ৬৩টি। শিরোপার স্বাদ পেয়েছেন দুইবার।
নিলামের তালিকায় বড় চমক গ্লেন ম্যাক্সওয়েলের না থাকা। গত আসরে ব্যাট হাতে ব্যর্থতা ও পরে চোটের কারণে সরে যাওয়া অস্ট্রেলিয়ার আগ্রাসী ব্যাটসম্যান এবার নিলামে নাম লেখাননি।
নিলামে এবার সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার দল পাবেন। তাদের মধ্যে বিদেশি ক্রিকেটার ৩১ জন। সাকিব-মুস্তাফিজদের লড়াইটা তাই খুবই কঠিন।
ধারণা করা হচ্ছে, এবারের নিলামে সবচেয়ে বড় আকর্ষণ হতে পারেন ক্যামেরন গ্রিন। চোটের কারণে গত আসরে খেলতে পারেননি অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার। দীর্ঘদিন পর সম্প্রতি তিনি বোলিংয়ে ফিরেছেন। তাকে নিয়ে কাড়াকাড়ি হতে পারে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের। দুই দলেরই একজন পেস বোলিং অলরাউন্ডার প্রয়োজন এবং ধরে রাখা ক্রিকেটারদের পারিশ্রমিকের পর সবচেয়ে বেশি টাকা বাকি আছে এই দুই দলেরই।
সর্বোচ্চ ভিত্তিমূলের ক্যাটাগরিতে মুস্তাফিজ, গ্রিনসহ আছেন ৪৫ ক্রিকেটার। সেখানে উল্লেখযোগ্য নাম স্টিভেন স্মিথ, জশ ইংলিস, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলন, রাচিন রাভিন্দ্রা, ড্যারিল মিচেল, ডেভিড মিলার, রাইলি রুশো, মাথিশা পাথিরানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শেই হোপ, জেসন হোল্ডার, মাহিশ থিকসানা, আকিল হোসেন ও আলজারি জোসেফ।