২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

গিলের বাদ পড়া: অধিনায়ক ও নির্বাচক দেখালেন ভিন্ন কারণ

একজন বললেন কম্বিনেশনের কথা, আরেকজন সামনে আনলেন শুবমান গিলের রান-খরা।

গিলের বাদ পড়া: অধিনায়ক ও নির্বাচক দেখালেন ভিন্ন কারণ
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল বাছাইয়ের জন‍্য ভারতের নির্বাচক কমিটির সভা। ছবি: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2025, 04:44 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণার পর থেকে আলোচনার কেন্দ্রে শুবমান গিলের বাদ পড়া। পক্ষে-বিপক্ষে নানা মতের মধ‍্যে তারকা ব‍্যাটসম‍্যানের দলে না থাকা নিয়ে দুই রকম কথা বললেন অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ ও নির্বাচক কমিটির চেয়ারম‍্যান অজিত আগারকার। 

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপের জন‍্য শনিবার ১৫ সদস‍্যের দল ঘোষণা করে শিরোপাধারীরা। এতে গিলের সঙ্গে জায়গা হয়নি জিতেশ শার্মার। দলে ফিরেছেন ইশান কিষান ও রিঙ্কু সিং।

টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক গিল ছিলেন টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক। চলতি বছরে এই সংস্করণে তার ব‍্যাট থেকে আসেনি কোনো পঞ্চাশ বা একশ। টি-টোয়েন্টি থেকে তাকে আপাতত বাদ দেওয়ার কথা বলছিলেন সাবেকদের কেউ কেউ।

তবে অধিনায়ক সুরিয়াকুমার বললেন, গিলের বাদ পড়ার পেছনে তার রান পাওয়ার কোনো ভূমিকা নেই।

“এটা ছন্দের জন‍্য নয়, কম্বিনেশনের জন‍্য। আমরা উপরের দিকে একজন কিপার চেয়েছিলাম। গিলের মান কেমন, তা আমরা জানি। 

২৬ বছর বয়সী গিল পায়ের চোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ দুটি ম‍্যাচে ছিলেন না। চতুর্থ ম‍্যাচে ঘন কুয়াশার জন‍্য খেলাই সম্ভব হয়নি। পরেরটিতে জেতে ভারত। 

দলে ফেরার পর ১৫ ইনিংসে ২৪.২৫ গড় ও ১৩৭ স্ট্রাইক রেটে ২৯১ রান করেছেন গিল। সর্বোচ্চ ৪৭। 

তার বাদ পড়ার পেছনে রান খরার কথাই বললেন নির্বাচক কমিটির চেয়ারম‍্যান আগারকার।

“অবশ‍্যই সে রান করতে পারছে না। আর যেহেতু তাকে নেওয়া হয়নি, আমাদের একজন সহ-অধিনায়ক দরকার ছিল। গিলের বাদ পড়া দুর্ভাগ‍্যজনক। গত বিশ্বকাপেও সে ছিল না, কারণ আমরা ভিন্ন কম্বিনেশন নিয়ে খেলেছিলাম।"

গিলের অনুপস্থিতিতে সহ-অধিনায়ক করা হয়েছে আকসার প‍্যাটেলকে।