Published : 28 Mar 2026, 01:12 PM
এবারের আইপিএলে মাহেন্দ্র সিং ধোনিকে কোন ভূমিকায় দেখা যাবে, তা নিয়ে গত কিছুদিনে আলোচনা হয়েছে বিস্তর। সেই কৌতূহল মিটতে সময় লাগবে আরও দুই সপ্তাহ। চোটের কারণে এখনই মাঠে নামতে পারছেন না চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি এই কিপার-ব্যাটার।
চেন্নাই সুপার কিংস শনিবার সকালে সামাজিক মাধ্যমে জানায়, পায়ের পেশির চোট কাটিয়ে উঠতে পুনবার্সন চলছে ৪৪ বছর বয়সী ক্রিকেটারের। মাঠে ফিরতে সপ্তাহ দুয়েক সময় লাগবে তার।
আইপিএলের নতুন আসর শুরু শনিবার। চেন্নাই প্রথম ম্যাচ খেলবে সোমবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। প্রথম দুই সপ্তাহে পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ আছে তাদের।
গত আসরে চেন্নাইয়ের ১৪ ম্য্যাচের সবকটিতেই খেলেছিলেন ধোনি। ব্যাটিংয়ে নেমেছিলেন বেশির ভাগ ম্যাচে নিচের দিকে।
ধোনির অনুপস্থিতিতে কিপিং গ্লাভস পেতে পারেন তুমুল আলোচিত দলবদলের মাধ্যমে চেন্নাইয়ে আসা সাঞ্জু স্যামসন। বিকল্প অবশ্য আছে আরও। আগ্রাসী ব্যাটসম্যান উর্ভিল প্যাটেলও কিপিং করতে পারেন। এছাড়াও আছেন এবারের নিলামে ঝড় তোলা কার্তিক শার্মা। ১৯ বছর বয়সী এই কিপার-ব্যাটার এখনও পর্যন্ত মাত্র ১২টি টি-টোয়েন্টি খেলেছেন। কিন্তু নিলামে অবিশ্বাস্য লড়াইয়ের পর তাকে ১৪ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় চেন্নাই। আঞ্চলিক ও ঘরোয়া বিভিন্ন প্রতিযোগিতায় ছক্কার পর ছক্কা মেরে ‘সিরিয়াল সিক্স হিটার’ হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি।
ধোনির আগে চেন্নাই বড় ধাক্কা খেয়েছে ন্যাথান এলিসকে হারিয়ে। অস্ট্রেলিয়ান পেসার ছিটকে পড়েছেন গোটা আসর থেকেই। তার জায়গায় সুযোগ পেয়েছেন আরেক অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সার জনসন।