টসে চাওয়া পূরণ হলো দুই দলেরই
টস জিতে ব্যাটিং নিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা, ফিল্ডিংই চেয়েছিলেন হাশমাতউল্লাহ শাহিদি।
টসের যেন প্রয়োজনই ছিল না! কয়েন ভাগ্য পাশে পেয়ে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা নিলেন ব্যাটিং। তাতে খুশি আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদিও। তিনি যে ফিল্ডিংই নিতে চেয়েছিলেন।
সাম্প্রতিক সময়ে পারফরম্যান্সে দুই প্রান্তে থাকা দল দুটি শুক্রবার মুখোমুখি হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচটি হচ্ছে করাচিতে।
সবশেষ ৬ ওয়ানডেতে হেরে আফগানদের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। গত ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে খেলা চার সিরিজের তিনটিতেই হেরেছে তারা। এর মধ্যে আছে গত সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজও। সেই সিরিজে অবশ্য পূর্ণ শক্তির দল পায়নি প্রোটিয়ারা।
এই আসরের আগে পাকিস্তান ও নিউ জিল্যান্ডকে নিয়ে খেলা ত্রিদেশীয় সিরিজেও পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এবার অবশ্য প্রায় সবাইকে পাচ্ছে তারা। শুধু কনুইয়ে হালকা চোট পাওয়ায় সতর্কতার জন্য আসরে প্রথম ম্যাচে খেলতে পারছেন না হাইনরিখ ক্লসেন।
সাম্প্রতিক সময়ের সীমিত ওভারের ক্রিকেটে কেবল গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই পূর্ণ শক্তির দল নিয়ে খেলেছে দক্ষিণ আফ্রিকা। সেখানে তারা জায়গা করে নিয়েছিল ফাইনালে।
১৯৯৮ সালের উদ্বোধনী আসরের চ্যাম্পিয়দের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক হচ্ছে আফগানিস্তানের। সাম্প্রতিক সময়ে যারা খেলছে রোমাঞ্চকর সিরিজ। গত বছর তারা জিতেছে চারটি দ্বি-পাক্ষিক সিরিজ।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে একটুর জন্য জায়গা করে নিতে পারেনি সেমি-ফাইনালে। খেলেছে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে। এবার শিরোপায় চোখ আফগানিস্তানের ক্রিকেটারদের।
ক্লসেনের পাশাপাশি প্রথম ম্যাচের একাদশে নেই ট্রিস্টান স্টাবস। একাদশে জায়গা হয়নি তাবরেইজ শামসি ও কর্বিন বশের।
দক্ষিণ আফ্রিকা: টেম্বা বাভুমা (অধিনায়ক), টোনি ডি জোর্জি, মার্কো ইয়ানসেন, কেশাভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, রাসি ফন ডার ডাসেন।
অলরাউন্ডারদের উপস্থিতিতে ভারসাম্যপূর্ণ একাদশ সাজিয়েছে আফগানিস্তান। সেখানে আটে ও নয়ে নামবেন মোহাম্মদ নাবি ও রাশিদ খানের মতো ক্রিকেটার। এএফ গাজানফার ও মুজিব উর রহমানের মতো রহস্য স্পিনার থাকায় বোলিংয়ে বৈচিত্র্যের অভাব নেই আফগান দলে।
আফগানিস্তান দল: হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রাহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, রেহমাত শাহ, আজমাতউল্লাহ ওমারজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নাবি, রাশিদ খান, ফাজালহাক ফারুকি, নুর আহমাদ।
