১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিসিসিআইকে টেন্ডুলকার-সৌরভদের অভিজ্ঞতা কাজে লাগাতে বললেন গাভাস্কার

ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির (সিএসি) পরিধি বাড়িয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের যুক্ত করার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও ব্যাটিং গ্রেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 07:17 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

ভারতীয় ক্রিকেটের বিভিন্ন বিষয়ে সাবেক ক্রিকেটারদের অভিজ্ঞতা আরও বেশি কাজে লাগানোর পক্ষে সুনীল গাভাস্কার। এ জন্য বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির (সিএসি) পরিধি বাড়িয়ে সাচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়দের মতো তারকাদের যুক্ত করার প্রস্তাব দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক।

ভারতের ব্যাটিং গ্রেট গাভাস্কারের মতে, সিএসির কাজ শুধু নির্বাচক ও কোচ নিয়োগের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। ঘরোয়া ও আন্তর্জাতিক সূচি প্রণয়নসহ দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও এই কমিটিটির থাকা উচিত।

মিড-ডেতে নিজের কলামে গাভাস্কার লিখেছেন, সিএসির কার্যক্রম ও দায়িত্ব বাড়ানোর এখনই উপযুক্ত সময়।

“বিসিসিআইয়ে এখন নির্বাচক কমিটি ও সিএসি ছাড়া আর কোনো কমিটি নেই। সম্ভবত এখন সিএসির কার্যক্রম বাড়ানোর সময় এসেছে। নির্বাচক ও কোচ বাছাইয়ের পাশাপাশি ঘরোয়া ও আন্তর্জাতিক সূচি এবং ভারতীয় ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয়ও তারা দেখতে পারে। অত্যন্ত অভিজ্ঞ এমন কয়েকজন সাবেক ক্রিকেটার আছেন, যাদের দক্ষতা ও অভিজ্ঞতা এই কমিটিতে কাজে লাগানো যেতে পারে।”

২০২২ সালে সবশেষ সিএসির নিয়োগ দেওয়া হয়। তখন আশোক মালহোত্রা, জাতিন পারাঞ্জাপে ও সুলাকশানা নায়েককে কমিটির সদস্য করা হয়। প্রথাগতভাবে প্রধান কোচ ও নির্বাচক বাছাইয়ের মতো কাজেই মূলত সিএসির ভূমিকা ছিল। তবে বর্তমানে কমিটিটির কার্যক্রম স্পষ্ট নয়।

সিএসি কমিটি সম্প্রসারণ করা হলে, সেখানে টেন্ডুলকার, দ্রাবিড়দের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের রাখার পরামর্শ দিয়েছেন গাভাস্কার।

“সাচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, রাভি শাস্ত্রী, আনিল কুম্বলে, হারভাজান সিং, ভিরেন্দার সেওয়াগ- আরও কয়েকজনের নাম বলব? বিসিসিআই সভাপতি ও সচিবও কমিটিতে থাকবেন।”

গাভাস্কারের মতে, ভারতীয় দলের প্রধান কোচ, অধিনায়ক এবং জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) প্রধানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে এমন ব্যক্তিদের নিয়ে গঠিত একটি কমিটির যথেষ্ট প্রভাব থাকবে। পাশাপাশি নারী ক্রিকেটের জন্য আলাদা একটি উপদেষ্টা কমিটি গঠনের কথাও বলেছেন তিনি।

তবে তার এই প্রস্তাব বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে সংশয়ে গাভাস্কার।

“শুধু এটা ভাবতেই রোমাঞ্চ জাগে। এটা কি কখনো বাস্তবায়িত হবে, নাকি শুধু স্বপ্ন হয়েই থাকবে?”