Published : 07 Aug 2026, 08:44 PM
আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসর নেওয়ার পরপরই নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন আজিঙ্কা রাহানে। এবার ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে (ইটিপিএল) খেলবেন ভারতের সাবেক ব্যাটসম্যান। আমস্টারডাম ফ্লেমসের সঙ্গে চুক্তি করেছেন তিনি।
গত ৩০ জুলাই অবসরের ঘোষণা দেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ও ভারতের হয়ে ৮৫ টেস্ট খেলা রাহানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় সেদিন তিনি বলেন, এটাকেই সরে যাওয়ার উপযুক্ত সময় মনে হয়েছে তার।
রাহানের নতুন দল ফ্লেমসের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান ক্রিকেট কর্মকর্তা অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যানকে দলে নিতে পেরে খুশি তিনি।
“একজন পেশাদার ক্রিকেটারের মধ্যে যেসব গুণ দেখতে চান—দক্ষতা, হার না মানা মানসিকতা, বিনয় ও নেতৃত্ব—আজিঙ্কা রাহানের মধ্যে তার সবই আছে। ক্যারিয়ারজুড়ে ক্রিকেট বিশ্বে সে প্রচুর সম্মান অর্জন করেছে, শুধু কেবল মাঠের পারফরম্যান্সের কারণে নয়, মাঠ ও মাঠের বাইরে আচরণের জন্য। চাপের মধ্যে তার স্থিরতা ও নেতৃত্বগুণ খুব কাছ থেকে দেখেছি। এই গুণগুলোই একটি দলকে জয়ের সংস্কৃতি গড়ে তুলতে সাহায্য করে।”
ইউরোপের ফুটবলের নতুন এই পথচলার অংশ হতে পেরে ভালো লাগছে ৩৮ বছর বয়সী রাহানেরও।
“একটি রোমাঞ্চকর অধ্যায়ে প্রবেশ করছে ইউরোপের ক্রিকেট। অন্যতম সম্ভাবনাময় ক্ষেত্র হয়ে ওঠার সম্ভাবনা এই অঞ্চলের রয়েছে। আমস্টারডাম ফ্লেমসের যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে, তা হলো মাঠের ভেতরে ও বাইরে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে—এমন অর্থবহ কিছু গড়ে তোলার তাদের উচ্চাকাঙ্ক্ষা।”
আমস্টারডাম ফ্লেমসকে নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শ। এই দলে আছেন স্টিভ স্মিথ, টিম ডেভিড ও মাইকেল ব্রেসওয়েলের মতো ক্রিকেটাররা। দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন রায়ান কুক।
ইটিপিএল হলো আয়ারল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ড অনুমোদিত একটি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ। এই লিগে ছয়টি দল অংশ নিচ্ছে; আমস্টারডাম ফ্লেমস, বেলফাস্ট উলভস, ডাবলিন গার্ডিয়ান্স, এডিনবরা ক্যাসেল রকার্স, গ্লাসগো কসমিক এবং রটারডাম ডকার্স।
ইটিপিএলের উদ্বোধনী আসর শুরু হবে আগামী ২৬ অগাস্ট। এতে ৩০টি লিগ ম্যাচ হবে। পরে ১৯ সেপ্টেম্বর কোয়ালিফায়ার এবং ২০ সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো আয়ারল্যান্ডের ম্যালাহাইড এবং নেদারল্যান্ডসের ভুরবার্গে হবে।